প্যারাগুয়ের বিপক্ষে নিষিদ্ধ নেইমার
২৭ মার্চ ২০১৬, ০৬:২০ পিএম
প্রতিদিনের চিত্র ডেস্ক :: আগামী ৩০ মার্চ বিশ্বকাপের বাছাইপর্বের গুরুত্বপূর্ণ ম্যাচে প্যারাগুয়ের মাঠে খেলতে যাবে ব্রাজিল। ওই ম্যাচে খেলতে পারবেন না সেলেকাওদের অধিনায়ক নেইমার দ্য সিলভা। জাতীয় দলের হয়ে দু’বার হলুদ কার্ড দেখায় । বার্সেলোনা ফরোয়ার্ডকে এক ম্যাচের জন্য নিষিদ্ধ করেছে ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা ফিফা। গত নভেম্বরে চিলির বিপক্ষে হলুদ কার্ড দেখার পর শনিবার তিনি হলুদ সংকেত পান উরুগুয়ের বিপক্ষেও।
একই দোষে দুষ্ট হওয়ায় ব্রাজিলের ডিফেন্ডার ডেভিড লুইজও খেলতে পারছেন না প্যারাগুয়ের বিপক্ষে। এক ম্যাচের জন্য নিষিদ্ধ হয়েছেন পিএসজির ২৮ বছর বয়সী এই তারকাও। ইতোমধ্যে নেইমার-লুইজের বিকল্প খুঁজে বের করে ফেলেছেন ব্রাজিলের কোচ কার্লোস দুঙ্গা। নেইমারের পরিবর্তে তিনি দলে ডেকেছেন সান্তোসের হয়ে দুর্দান্ত ফর্মে থাকা গ্যাব্রেইল বারবোসাকে। আর লুইজের বিকল্প করিন্থিয়ান্সের ডিফেন্ডার ফিলিপে।
২০১৩ সালে সান্তোস ছেড়ে বার্সায় যোগ দেন নেইমার। এরপর থেকে সান্তোসের হয়ে আলো ছড়ান গ্যাব্রেইল। এবারই প্রথম জাতীয় দলে ডাক পেলেন ১৯ বছর বয়সী এই ফরোয়ার্ড। জাতীয় দলে না খেললেও ব্রাজিলের অনূর্ধ্ব-১৭, অনূর্ধ্ব-২০ ও অনূর্ধ্ব-২৩ দলের হয়ে বেশ কয়েকটি ম্যাচ খেলেছেন। অনূর্ধ্ব-২৩ দলে হয়ে ৪ ম্যাচ খেলে নামের পাশে যোগ করেছেন ৬ গোল! যা হয়তো নজর কেড়েছে কার্লোস দুঙ্গার।


































