আজ বৃষ্টিতে পণ্ড হতে পারে পাক-ভারত ম্যাচ
১৯ মার্চ ২০১৬, ০৪:৫০ পিএম
প্রতিদিনের চিত্র ডেস্ক :: ক্রিকেটে ভারত-পাকিস্তান ম্যাচ মানেই তো টানটান উত্তেজনা। টি২০ বিশ্বকাপের খেলায় আজ শনিবার রাত ৮টায় চিরপ্রতিদ্বন্দ্বী দুই দলের মধ্যে জমাজমাট লড়াই উপভোগ করার জন্য অপেক্ষায় রয়েছেন ক্রিকেটপ্রেমীরা। কিন্তু সেই উত্তেজনায় জল ঢেলে দিতে পারে আকাশ। বৃষ্টিতে পণ্ড হতে পারে পাক-ভারত ম্যাচ।
সকাল থেকেই ইডেনের আকাশে মেঘ জমে আছে। রোদ একটু দেখা দিয়েই ফের লুকিয়ে পড়ছে। দুপুরে বা বিকেলে বজ্রবিদ্যুৎ-সহ রয়েছে বৃষ্টি হওয়ার সম্ভাবনা। এ ছাড়া বিকেলের দিকে ভারি বৃষ্টি নামার সম্ভাবনাও রয়েছে। বৃষ্টির পর মাঠ খেলা উপযোগী না হলে ম্যাচটি পরিত্যক্ত হতে পারে বলে জানিয়েছে আলিপুরের আবহাওয়া অফিস।
ভারতীয় মিডিয়াকে ওই আবহাওয়া অফিস জানিয়েছে, মধ্য ভারতে তৈরি হয়েছে একটি নিম্নচাপ অক্ষরেখা। সেই নিম্নচাপ ধীরে ধীরে পূর্ব দিকে সরে এসে এখন দক্ষিণবঙ্গের খুব কাছাকাছি অবস্থান করছে। বছরের এই সময়টায় এমনিতেই বঙ্গোপসাগরের দিক থেকে জলীয় বাষ্প নিয়ে দখিনা বাতাস ঢুকে পড়ে কলকাতায়। নিম্নচাপ অক্ষরেখার প্রভাবে সেই জলীয় বাষ্প দ্রুত ঘনীভূত হচ্ছে। আকাশে আরো বাড়ছে মেঘ।
আবহাওয়া দফতরের পূর্বাভাস, আকাশ থেকে মেঘ আজ শনিবার কেটে যাওয়ার কোনো সম্ভাবনা নেই। দুপুরের পর থেকে কলকাতা এবং দক্ষিণবঙ্গের বিভিন্ন এলাকায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ইডেনে ম্যাচ শুরু হওয়ার কথা যখন, তার ঠিক আগেই কলকাতায় বৃষ্টি নামার সম্ভাবনা রয়েছে।


































