ছেলেকে মাঠে আঘাত পেতে দেখে গ্যালারিতে মায়ের কান্না
২৯ অক্টোবর ২০১৬, ০২:২০ এএম
বেন স্টোকসের ধেয়ে আসা বাউন্সারটা হেলমেটের পেছনে আঘাত করার সঙ্গে সঙ্গে মটিতে লুটিয়ে পড়েন বাংলাদেশ টেস্ট অধিনায়ক মুশফিকুর রহিম। পরে ইংল্যান্ডের খেলোয়াড়েরাই দ্রুত ফিজিওকে আসার ইঙ্গিত দেন। সঙ্গে সঙ্গে দৌড়ে মাঠে ঢুকে পড়েন বাংলাদেশ দলের ফিজিও। খানিক পরে ইংল্যান্ডের ফিজিও। স্ট্রেচার হাতে ফায়ার ব্রিগেডের দুই সদস্যও।
এর খানিক পরে নিজেই উঠে দাঁড়ালেন মুশফিক। সেই সঙ্গে সরে গেল ক্রিকেট প্রেমীদের দুশ্চিন্তার মেঘটা। এরপর দর্শকেরা তাকে অনুপ্রাণিত করেন তুমুল করতালিতে।
কিন্তু বাংলাদেশ দলের ড্রেসিংরুমের ঠিক পেছনের গ্যালারিতে বসা রহিমা খাতুনের দুশ্চিন্তা দূর হয়নি তখনো। বুকে হাত দিয়ে গ্যালারির বড় পর্দায় তাকিয়ে তিনি, সেখানে যে একটু ভালো বোঝা যায় ছবিটা। কেঁদেই দিলেন এক সময়। পাশে থাকা মাহবুব হামিদ অবশ্য প্রবোধ দিতে থাকেন তাকে। তবুও তার চিন্তা দূর হয় না।
মুশফিকের মা রহিমা খাতুন বারবার ইঙ্গিত করে দেখাতে থাকেন কোথায় আঘাতটা লেগেছে। এ সময় মুশফিকের বাবা মাহবুব হামিদ তাকে অভয় দেন, আরে নাহ! কিছু হয়নি। আমি খোঁজ নিয়েছি, ওর সঙ্গে কথা হয়েছে আমার। গুরুতর কিছু নয়।


































