সেঞ্চুরির পরই ফিরলেন তামিম
২৮ অক্টোবর ২০১৬, ০৬:৩৩ পিএম
ঢাকা টেস্টে ইংল্যান্ডের বিপক্ষে টস জিতে ব্যাট করছে স্বাগতিক বাংলাদেশ। মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে এই সিদ্ধান্ত নেন টাইগার ক্যাপ্টেন মুশফিকুর রহিম। প্রথম ম্যাচ জিতে ইতিমধ্যে সিরিজে এগিয়ে রয়েছে ইংল্যান্ড। তবে সিরিজ বাঁচানোর ম্যাচে শুরুটা ভালো হয়নি টাইগারদের।
শুরুতেই ফিরে যান ইমরুল কায়েস। ক্রিস ওকসের বলে পয়েন্টে বেন ডাকেটকে ক্যাচ দেন এই বাঁহাতি ব্যাটসম্যান। বাংলাদেশের স্কোর তখন মাত্র ১ রান।
এরপর মমিনুল হককে নিয়ে ওয়ানডে স্টাইলে খেলতে থাকেন তামিম ইকবাল। ক্যারিয়ারের অষ্টম শতক তুলে মঈন আলীর বলে এলবিডব্লিউ হন তামিম। আর মুমিনুল ৭০ বলে অর্ধশতক তুলে খেলছেন। সর্বশেষ বাংলাদেশের সংগ্রহ ১৭৭/২। মুমিনুল হক ৬৪ এবং মাহমুদুল্লাহ রিয়াদ ২ রানে ক্রিজে আছেন।
চট্টগ্রাম টেস্টের একাদশ থেকে একটিমাত্র পরিবর্তন হয়েছে বাংলাদেশের দলে। পেসার শফিউল ইসলামের বদলে সুযোগ পেয়েছেন অফস্পিনার শুভাগত হোম। বাংলাদেশ শুভাগতসহ চারজন স্পিনার নিয়ে মাঠে নামছে।
এদিকে ইংলিশ দল দুটি পরিবর্তন এনেছে ইংল্যান্ড। প্রথম টেস্টে খেলা স্পিনার গ্যারেথ ব্যাটির স্থানে দলে এসেছেন নবীন বাঁহাতি স্পিনার জাফর আনসারি ও পেসার স্টুয়ার্ট ব্রডের জায়গায় দলে ঢুকেছেন স্টিভেন ফিন।
বাংলাদেশ দল : মুশফিকুর রহিম (অধিনায়ক), তামিম ইকবাল, ইমরুল কায়েস, মুমিনুল হক সৌরভ, সাকিব আল হাসান, মাহমুদউল্লাহ রিয়াদ, তাইজুল ইসলাম, শুভাগত হোম চৌধুরী, মেহেদী হাসান মিরাজ, কামরুল ইসলাম রাব্বি, সাব্বির রহমান রুম্মন।
ইংল্যান্ড দল: অ্যালিস্টার কুক (অধিনায়ক), বেন ডাকেট, জো রুট, গ্যারি ব্যালেন্স, মঈন আলী, বেন স্টোকস,ক্রিস ওকস, জনি বেয়ারস্টো, আদিল রশিদ, স্টিভেন ফিন, জাফর আনসারি।


































