রিয়াল থেকেই অবসর নেবেন রোনালদো

প্রতিদিনেরচিত্র ডেস্ক

২৬ মে ২০১৬, ০৫:২৩ পিএম


রিয়াল থেকেই অবসর নেবেন রোনালদো

প্রতিদিনের চিত্র ডেস্ক :: রিয়াল মাদ্রিদের পর্তুগিজ তারকা ক্রিস্টিয়ানো রোনালদোকে নিয়ে গুঞ্জনের অন্ত নেই। ইউরোপের ধনকুবের অনেক ক্লাবেই তার পাড়ি জমানোর খবর রটেছে বহুবার। কিন্তু এবারে সিআর সেভেন কথা বললেন পরিষ্কার ভাষায়। জানিয়ে দিলেন, সান্তিয়াগো বার্নাব্যুতে থাকা অবস্থায়ই ক্যারিয়ারের ইতি টানবেন তিনি। 

শনিবার চ্যাম্পিয়ন্স লিগের মহারণ। অ্যাটলেটিকো মাদ্রিদের বিপক্ষে রিয়াল মাদ্রিদের এই হাই ভোল্টেজ ম্যাচকে সামনে রেখে সমর্থকদের প্রধান চিন্তার বিষয় রোনালদোর ফিটনেস। তিনি নিজে অবশ্য জানিয়েছেন, খেলতে তার কোনো সমস্যা নেই।

অন্য ক্লাবে পাড়ি জমানোর ব্যাপারে ৩১ বছর বয়স্ক এই তারকা বলেন, 'প্যারিস সেইন্ট জার্মেইন ও ম্যানচেস্টার সিটির আমাকে পাওয়ার আশা ত্যাগ করা উচিৎ। রিয়ালে থাকতেই অবসরে যাচ্ছি আমি।' আরো বলেন, এখানে আমি খারাপ ও ভালো সব ধরনের সময় পার করেছি। চার বছর আগে হয়তো ভালো ছিলাম না। তবে বর্তমানে রিয়ালের চেয়ে ভালো জায়গা আর কোথাও নেই।

রাফায়েল বেনিতেজের বদলে চলতি বছরের জানুয়ারিতে রিয়ালের কোচ হয়েছেন সাবেক ফরাসি ফুটবল তারকা জিনেদিন জিদান। রোনালদো জানালেন, তার এই ক্লাবে থেকে যাওয়ার এমন প্রতিজ্ঞার পেছনে সেটাও একটা কারণ। তিনি বলেন, এই মানুষটাকে আমার ভালো লাগে এবং আমি তার অধীনে আরো অনেক বছর খেলতে চাই। তার কোনো অভিজ্ঞতা নেই। কিন্তু সত্যিই অনেক ভালো করছেন।

রোনালদো, জিদান এবং পুরো রিয়াল মাদ্রিদের উপর একটা বড় চাপ কাজ করছে শনিবারের ফাইনালকে ঘিরে। চিরপ্রতিদ্বন্দ্বী বার্সেলোনার কাছে লা লিগা ও কোপা ডে রে হারানোর পর এখন চ্যাম্পিয়ন্স লিগ তাদের না জিতলেই নয়।

Ads