আওয়ামী লীগকে রাজনৈতিক দল মনে করি না: ডা. জাহেদ
০৮ সেপ্টেম্বর ২০২৬, ০২:২৪ পিএম
আওয়ামী লীগকে রাজনৈতিক দল হিসেবে মনে করেন না বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান। তার দাবি, আওয়ামী লীগ একটি ‘মাফিয়া গ্যাং’।
মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) সচিবালয়ে সরকারের বিভিন্ন কার্যক্রমের অগ্রগতি নিয়ে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে তিনি এ মন্তব্য করেন।
ডা. জাহেদ বলেন, আওয়ামী লীগ কেন রাজনীতি করতে পারবে না—এ নিয়ে কেউ কেউ আলোচনা করার চেষ্টা করছেন। তবে অভিনেত্রী আজমেরী হক বাঁধনের সঙ্গে ভেনিসে ঘটে যাওয়া ঘটনাকে কেন্দ্র করে আওয়ামী লীগকে রাজনৈতিক দল হিসেবে বাংলাদেশে রাজনীতি করার সুযোগ দেওয়া উচিত কি না, সে প্রশ্ন নতুন করে ভাবা প্রয়োজন।
তার ভাষ্য, আওয়ামী লীগ অতীতে যেসব কর্মকাণ্ড করেছে, এরপরও যদি তাদের ন্যূনতম অনুশোচনা বা রাজনীতিতে ফেরার ইচ্ছা থাকত, তাহলে এ ধরনের সহিংসতার ঘটনা ঘটত না।
ভেনিসে বাঁধনের ওপর হামলার ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া শুরু হয়েছে বলে জানান জাহেদ উর রহমান।
তিনি বলেন, সংশ্লিষ্ট দেশে আইন অনুযায়ী যে ব্যবস্থা নেওয়ার প্রয়োজন, সরকার সেই প্রক্রিয়া শুরু করেছে। এ ঘটনাকে কোনোভাবেই ছেড়ে দেওয়া হবে না বলেও মন্তব্য করেন তিনি।
ব্রিফিংয়ে দেশের বিদ্যুৎ পরিস্থিতি নিয়েও কথা বলেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা। তিনি দাবি করেন, ২০২৬ সালের জুন-জুলাইয়ে গড় লোডশেডিং ২০২৩ সালের একই সময়ের তুলনায় কম ছিল।
ঢাকাতেও কিছুটা লোডশেডিং হওয়া স্বাভাবিক বলে মন্তব্য করে তিনি বলেন, ঢাকা বড় শহর এবং এখানে অর্থনৈতিক কর্মকাণ্ড বেশি। তাই ঢাকায় একেবারেই লোডশেডিং হবে না—এমনটা ধরে নেওয়া ঠিক নয়।
সার সংকট প্রসঙ্গে জাহেদ উর রহমান বলেন, বর্তমানে দেশে ১২ দশমিক ২৯৪ লাখ মেট্রিক টন সার মজুত রয়েছে। গত বছর এ সময়ে মজুত ছিল প্রায় সাড়ে ১১ লাখ মেট্রিক টন।
তিনি বলেন, সারের মজুত নিয়ে কোনো সমস্যা নেই; তবে বিতরণে কিছু সমস্যা হয়েছে।
আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়েও কথা বলেন তিনি। মানুষের জীবন নিরাপদ রাখতে স্বরাষ্ট্র মন্ত্রণালয় নিয়মিত কার্যক্রম চালিয়ে যাচ্ছে এবং অস্ত্র উদ্ধারের কাজও চলছে বলে জানান তিনি।
দেশে গ্যাসের চাহিদা মেটাতে এলএনজি আমদানির বিষয়েও বক্তব্য দেন জাহেদ। তিনি বলেন, বাংলাদেশ চাইলেও প্রয়োজন অনুযায়ী বেশি এলএনজি আমদানি করতে পারে না। কারণ, দেশের এফএসআরইউ সক্ষমতার সীমাবদ্ধতা রয়েছে।
জরুরি ভিত্তিতে চীনের কাছে একটি এফএসআরইউর অর্ডার দেওয়া হয়েছে জানিয়ে তিনি বলেন, এটি প্রায় দেড় বছরের মধ্যে দেশে আসবে। ব্যয়ের চেয়ে জরুরি প্রয়োজনকে বেশি গুরুত্ব দেওয়া হয়েছে বলেও জানান তিনি।
যুক্তরাষ্ট্র থেকে বোয়িং উড়োজাহাজ কেনার প্রসঙ্গে জাহেদ উর রহমান বলেন, প্রস্তাবিত উড়োজাহাজগুলোর মূল্য একসঙ্গে পরিশোধ করতে হবে না। দীর্ঘ সময় ধরে ধাপে ধাপে অর্থ পরিশোধ করা হবে এবং উড়োজাহাজ হাতে পেতেও সময় লাগবে।
তিনি বলেন, নতুন বোয়িং কেনার সিদ্ধান্তের তাৎক্ষণিক প্রভাব দেশের অর্থনীতিতে পড়বে না।
প্রয়োজনে এয়ারবাসও কেনা হবে বলে জানান তিনি। দীর্ঘদিন ধরে বাংলাদেশ বোয়িং পরিচালনা করায় বোয়িং বেছে নেওয়ার প্রবণতা থাকলেও এয়ারবাসকে বাদ দেওয়ার কোনো সিদ্ধান্ত নেই বলে উল্লেখ করেন তিনি।
প্রধানমন্ত্রী তারেক রহমানের ভারত সফরের প্রসঙ্গে শেখ হাসিনার প্রত্যর্পণের বিষয়টিকে গুরুত্ব দেওয়ার কথা বলেন জাহেদ উর রহমান।
তিনি বলেন, শেখ হাসিনাকে বাংলাদেশে ফিরিয়ে আনার দাবি ‘স্ট্রং’। তিনি নিজে আসুন বা বাংলাদেশ তাকে ফিরিয়ে আনুক—এ বিষয়ে কোনো কৌশল নেই বলেও মন্তব্য করেন তিনি।
ভারতে শেখ হাসিনার সাম্প্রতিক সাক্ষাৎকার দেওয়া নিয়েও অসন্তোষ প্রকাশ করেন জাহেদ। তার মতে, প্রত্যর্পণের আগ পর্যন্ত শেখ হাসিনার এ ধরনের কার্যক্রম বন্ধ থাকা উচিত ছিল।
ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক স্বাভাবিক করার স্বার্থে এ বিষয়ে দিল্লির আরও সংবেদনশীল হওয়া প্রয়োজন বলেও মন্তব্য করেন তিনি।























