তারেক রহমানের গণসংবর্ধনাস্থলে সকালেই বিপুল নেতা–কর্মী, চলছে স্লোগান

নয়ন তারা

২৫ ডিসেম্বর ২০২৫, ১১:৫৪ এএম


তারেক রহমানের গণসংবর্ধনাস্থলে সকালেই বিপুল নেতা–কর্মী, চলছে স্লোগান

 

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে স্বাগত জানাতে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর সড়কের দুই পাশে অবস্থান নিয়েছেন বিপুলসংখ্যক নেতা-কর্মী।

সকাল থেকেই নেতা-কর্মীরা বিভিন্ন ধরনের প্লাকার্ড, ব্যানারসহ ফুল হাতে নিয়ে সড়কের দুই পাশে দাঁড়িয়ে আছেন। তাঁরা ‘তারেক রহমানের আগমন, শুভেচ্ছা-স্বাগতম’, ‘বাংলাদেশের প্রাণ, তারেক রহমান’ প্রভৃতি স্লোগান দিচ্ছেন।

বিমানবন্দরের আশপাশে সড়কে অবস্থান নিয়েছেন ঢাকা মহানগর উত্তর বিএনপির নেতা-কর্মীরা। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে প্রত্যাবর্তন উপলক্ষে গণসংবর্ধনা অনুষ্ঠানস্থলে সকালেই জড়ো হয়েছেন দলটির বিপুলসংখ্যক নেতা–কর্মী।

দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যানকে স্বদেশে স্বাগত জানাতে রাজধানীর পূর্বাচলের জুলাই ৩৬ এক্সপ্রেসওয়েতে (৩০০ ফিট এলাকা) আজ বৃহস্পতিবার সকালেই বিএনপির নেতা–কর্মীদের ভিড় দেখা গেছে।

সকালের আলো ফোটার পর থেকেই হেঁটে হেঁটে খণ্ড খণ্ড মিছিল নিয়ে গণসংবর্ধনাস্থলে আসেন তাঁরা।

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের অনুরোধ রেখেছেন দলের যুক্তরাজ্য শাখার নেতা-কর্মীরা। অনুরোধ মেনে তাঁরা তারেক রহমানকে বিদায় জানাতে লন্ডনের হিথরো বিমানবন্দরে ভিড় করেননি।

১৭ বছরের নির্বাসিত জীবন কাটিয়ে বাংলাদেশে ফিরছেন তারেক রহমান। স্থানীয় সময় গতকাল বুধবার সন্ধ্যা ৬টা ১৫ মিনিটে (বাংলাদেশ সময় দিবাগত রাত সোয়া ১২টা) তারেক রহমান ও তাঁর স্ত্রী-কন্যাকে বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি ফ্লাইট ঢাকার উদ্দেশে লন্ডনের হিথরো বিমানবন্দর ত্যাগ করে।
 

Ads