গ্যাসের দাম বৃদ্ধি নয়, জীবমানের উন্নয়ন হোক

প্রতিদিনেরচিত্র ডেস্ক

১৪ মার্চ ২০১৯, ০৪:৩২ পিএম


গ্যাসের দাম বৃদ্ধি নয়, জীবমানের উন্নয়ন হোক

শুনছি, গ্যাসের দাম আবারও বৃদ্ধি করা হবে। এ নিয়ে কর্তৃপক্ষ গণশুনানি করেছে। গণশুনানির সিদ্ধান্ত ইতোমধ্যে গ্রহণযোগ্যতা পেতে চলেছে। প্রশ্ন হল, ‘গ্যাসের দাম বৃদ্ধি করা হবে’ এমন সিদ্ধান্তে জনগণ সত্যই কি ‘হ্যাঁ’ বলেছে? নাকি কর্তৃপক্ষ ঘরোয়া মিটিংকে ‘গণশুনানি’ বলে চালিয়ে দিচ্ছে? সংবাদ মাধ্যম কি বলছে?

এসব কথা বলতে গেলে অনেক কথাই বলতে হয়। এই যে গ্যাসের দাম বাড়ছে, দেশের মানুষের জীবনমান কি বাড়ছে? শ্রমজীবী মানুষের পারিশ্রমিকের মূল্য কি বাড়ছে?

আপনি রিক্সায় চড়বেন, চালকরা ১০ টাকার ভাড়া ২০ টাকা চাইবে। রেগে গিয়ে প্রশ্ন করলে উত্তর আসবে, গ্যাস, বিদ্যুৎ, পানির দাম বাড়ছে, তাহলে রিক্সার ভাড়া বাড়বে না কেন? বাধ্য হয়ে আপনাকে ভাড়া বেশি দিতেই হবে। গ্যাসের দামও বেশি দিবেন, ভাড়াও বেশি দিবেন। অাপনি বেশি আয় করতে দুর্নীতি করবেন না?

অামরা এমন এক দেশে বাস করি, যেখানে মানুষের জীবনমান উন্নয়নের কোনো চিন্তা-চেতনা নেই। শুধু সিন্ডিকেটবাজির কারণে নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের দাম বেড়ে চলেছে। বলেন তো, কোন জিনিসটা অাজ মানুষের সাধ্যের মধ্যে? সবজির বাজার লাগামহীন, চালের বাজার লাগামহীন। পোশাক থেকে শুরু করে নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র যেন মধ্যবিত্তের সাধ্যের বাইরে!

নির্দিষ্ট একশ্রেণীর মানুষের কাছে এই সমাজটা জিম্মি। সমাজটা এমন এক পর্যায়ে পৌঁছে গেছে যেখানে ধনীরা আরও ধনী হচ্ছে, গরীব আরো গরীব হচ্ছে। বিপাকে পড়েছে মধ্যবিত্তরা। এই শ্রেণী বৈষম্য প্রতিরোধ আবশ্যক।

পরিশেষ- আমরা শতশত অবকাঠামোগত উন্নয়ন এখনই চাই না। ধীরে ধীরে হোক। এখনই চাই না আকাশে দশটা স্যাটেলাইট শোভা পাক। আমরা চাই জননিরাপত্তা, সুশৃঙ্খল জীবনযাপন, রাজনৈতিক পরিশীলতা, নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের মানানসই দাম। অতএব যে সরকারই ক্ষমতায় থাকুক না কেন সাধারণ জনগনের কথা আগে বিবেচনা করা হোক। জনগণের ওপর কোনো কিছু চাপিয়ে দেওয়া থেকে বিরত থাকা হোক।

মোহাম্মদ অংকন, কবি ও কলামিস্ট, ঢাকা।

Ads