প্রধান উপদেষ্টার সঙ্গে ব্রিটিশ হাইকমিশনারের সাক্ষাৎ
০৪ জুন ২০২৫, ০৭:৩৩ পিএম
অন্তর্বর্তীকালীন সরকার প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বাংলাদেশে নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুক সৌজন্য সাক্ষাৎ করেছেন।
আজ বুধবার (৪ মে) রাজধানীর রাষ্ট্রীয় অতিথি ভবনে এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।
সাক্ষাতে হাইকমিশনার কুক সম্প্রতি ড. ইউনূসের সম্মানজনক ‘কিং চার্লস হারমনি পুরস্কার’ প্রাপ্তির জন্য তাঁকে শুভেচ্ছা ও অভিনন্দন জানান।
আলোচনাকালে দুই দেশের মধ্যকার বাণিজ্য ও বিনিয়োগ, বিমান চলাচল সহযোগিতা, অভিবাসন ইস্যু এবং সম্পদ পুনরুদ্ধারে অন্তর্বর্তীকালীন সরকারের প্রচেষ্টাসহ পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় উঠে আসে।
তারা বাংলাদেশের সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতি ও অন্তর্বর্তীকালীন সরকারের গৃহীত সংস্কার কার্যক্রম নিয়েও মতবিনিময় করেন। এসময় ড. ইউনূস জানান, জাতীয় ঐক্যমত্য নির্মাণ কমিশনের অধীনে রাজনৈতিক দলগুলোর মধ্যে দ্বিতীয় দফার আলোচনা এই সপ্তাহেই শুরু হয়েছে এবং তা দ্রুত শেষ হওয়ার আশা করা হচ্ছে।
ড. ইউনূস বাংলাদেশের সমুদ্র গবেষণা কার্যক্রমকে আরও জোরদার করতে যুক্তরাজ্যের কারিগরি সহায়তা এবং ব্রিটিশ গবেষকদের প্রশিক্ষণের আগ্রহও ব্যক্ত করেন।
সাক্ষাতে প্রধান উপদেষ্টার বিশেষ দূত লুৎফে সিদ্দিকী, এসডিজি সমন্বয়কারী লামিয়া মোর্শেদ এবং ব্রিটেনের ডেপুটি হাইকমিশনার জেমস গোল্ডম্যান উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, ড. মুহাম্মদ ইউনূস ৯ জুন ঢাকা ত্যাগ করবেন এবং ১৩ জুন দেশে ফিরবেন। সফরকালে তিনি ব্রিটিশ ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করবেন বলে আশা করা হচ্ছে।



















