হংকংয়ে যাত্রাবিরতি প্রধান উপদেষ্টার

প্রতিদিনেরচিত্র ডেস্ক

২৮ মে ২০২৫, ১১:০০ এএম


হংকংয়ে যাত্রাবিরতি প্রধান উপদেষ্টার

হংকংয়ের শ্রমসচিব (মন্ত্রী) ক্রিস সানের সাথে প্রধান উপদেষ্টা। ছবি : সংগৃহীত

 

চার দিনের সরকারি সফরে মঙ্গলবার রাত ২টা ১০ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে জাপানের উদ্দেশে দেশ ছেড়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। পথিমধ্যে হংকংয়ে যাত্রাবিরতি করেন প্রধান উপদেষ্টা। হংকং আন্তর্জাতিক বিমানবন্দরে তাকে স্বাগত জানান হংকংয়ের শ্রমসচিব (মন্ত্রী) ক্রিস সান।

আজ বুধবার (২৮ মে) প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে এক পোস্টে এ কথা জানান।

জানা গেছে, প্রধান উপদেষ্টা নিক্কেই সম্মেলনে অংশ নেবেন। সফরকালে জাপানের বিভিন্ন সরকারি ও বেসরকারি সংস্থার সঙ্গে বৈঠক করার পাশাপাশি উন্নয়ন সহযোগিতার বিষয়ে আলোচনা করারও পরিকল্পনা রয়েছে ড. ইউনূসের।

এর আগে প্রধান উপদেষ্টার প্রেস সচিব গণমাধ্যমকে জানান, অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস ও তার সফরসঙ্গীদের বহনকারী ক্যাথে প্যাসিফিক এয়ারলাইনসের একটি ফ্লাইট বুধবার রাত ২টা ১০ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে জাপানের উদ্দেশে রওনা হয়।

তিনি বলেন, জাপান সফরে অধ্যাপক ইউনূস টোকিওতে আয়োজিত নিক্কেই ফোরামের ‘ফিউচার অব এশিয়া’ সম্মেলনে অংশগ্রহণ করবেন। এ ছাড়া তার জাপানের প্রধানমন্ত্রী শিগেরু ইশিবার সঙ্গে একটি দ্বিপক্ষীয় বৈঠকেও অংশ নেওয়ার কথা রয়েছে।

সফর শেষে আগামী ৩১ মে প্রধান উপদেষ্টার দেশে ফেরার কথা রয়েছে বলেও জানান প্রেস সচিব।
 

Ads