সংবাদপত্র শিল্পে নেতিবাচক চর্চা বন্ধ করতে হবে- তথ্য উপদেষ্টা

নিজস্ব প্রতিবেদক

০৮ মে ২০২৫, ০৮:২৪ পিএম


সংবাদপত্র শিল্পে নেতিবাচক চর্চা বন্ধ করতে হবে- তথ্য উপদেষ্টা

 

থ্য ও সম্প্রচার উপদেষ্টা মো. মাহফুজ আলম বলেছেন, সরকার সংবাদপত্রের মধ্যে ইতিবাচক প্রতিদ্বন্দ্বিতা দেখতে চায়। এখনো সংবাদপত্র শিল্পে বেশ কিছু নেতিবাচক চর্চা রয়েছে। এসব নেতিবাচক চর্চা বন্ধ করতে হবে বলে জানিয়েছেন তিনি।

আজ বৃহস্পতিবার (৮ মে) বিকালে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সভাকক্ষে নিউজপেপার ওনার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (নোয়াব) সঙ্গে মতবিনিময় সভায় উপদেষ্টা এ কথা বলেন। তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় থেকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

গণমাধ্যমের সংস্কার প্রসঙ্গে মাহফুজ আলম , গণমাধ্যম সংস্কার কমিশনের সুপারিশ বাস্তবায়নে সরকার এরই মধ্যে কাজ শুরু করেছে। একই সঙ্গে তিনি গণমাধ্যমে সংস্কার কার্যক্রম বাস্তবায়নে সংশ্লিষ্ট সবার সহযোগিতা চেয়েছেন।

সভায় নোয়াবের সভাপতি এ কে আজাদ বলেন, গত ১২-১৩ বছরে ছাপা পত্রিকার প্রচার সংখ্যা ও বিজ্ঞাপন বাজার উভয়ই সংকুচিত হয়েছে। সংবাদপত্র সেবা শিল্প হওয়া সত্ত্বেও এর করপোরেট কর ২৭ দশমিক ৫ শতাংশ নির্ধারণ করা হয়েছে। তিনি সংবাদপত্রের করপোরেট কর ১০ শতাংশ নির্ধারণের প্রস্তাব করেন।

তিনি আরও বলেন, ওয়েজবোর্ড ঢেলে সাজানো দরকার। সার্চ কমিটির মাধ্যমে ওয়েজবোর্ড গঠন করা প্রয়োজন।

মতবিনিময় সভায় প্রথম আলোর সম্পাদক মতিউর রহমান বলেন, গণমাধ্যম সংস্কার কমিশনের প্রতিবেদন ভালো হয়েছে। এবং তিনি কমিশনের বাস্তবায়নযোগ্য সুপারিশ দ্রুত কার্যকর করার ওপর গুরুত্বারোপ করেন।

সংবাদপত্রের ওপর সরকারের চাপ প্রসঙ্গে তিনি বলেন, বর্তমান সরকারের দিক থেকে সংবাদপত্রকে ভয় দেখানো হচ্ছে না।

সভায় নোয়াবের পক্ষ থেকে স্থায়ী গণমাধ্যম কমিশন গঠনের প্রস্তাব করা হয়।

মতবিনিময় সভায় ডেইলি স্টারের সম্পাদক মাহফুজ আনাম, দৈনিক সংবাদের সম্পাদক আলতামাশ কবির, ফিন্যান্সিয়াল এক্সপ্রেসের সম্পাদক শামসুল হক জাহিদ ও দৈনিক করতোয়ার সম্পাদক মোজাম্মেল হক উপস্থিত ছিলেন।

 

Ads