সিলেটে মাজার জিয়ারতের মাধ্যমে প্রচারণা শুরু করবেন শেখ হাসিনা

নিজস্ব প্রতিবেদক

১৭ ডিসেম্বর ২০২৩, ০৩:৪১ পিএম


সিলেটে মাজার জিয়ারতের মাধ্যমে প্রচারণা শুরু করবেন শেখ হাসিনা

প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

 

ওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামী বুধবার (২০ ডিসেম্বর) সিলেটে হজরত শাহজালাল (রহ.) ও হজরত শাহপরান (রহ.) মাজার জিয়ারতের মধ্য দিয়ে নির্বাচনি প্রচারণা শুরু করবেন।

 

দলীয় ও প্রধানমন্ত্রীর কার্যালয় (পিএমও) সূত্রে জানা গেছে, বুধবার (২০ ডিসেম্বর) সকালে সিলেট যাবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেখানে হজরত শাহজালাল (রহ.) এর মাজার এবং এরপর হজরত শাহপরান (রহ.) এর মাজার জিয়ারত করবেন।

 

এদিন বিকেলে সিলেটের আলিয়া মাদরাসা মাঠে জনসভা করবেন শেখ হাসিনা। যেটি হবে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে তার প্রথম জনসভা।

 

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল গত ১৫ নভেম্বর নির্বাচনের তফসিল ঘোষণা করেন। সেই অনুযায়ী, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে ২০২৪ সালের ৭ জানুয়ারি।

 

মনোনয়নপত্র দাখিলের শেষ সময় ছিল ৩০ নভেম্বর, যাচাই-বাছাই হয় ১ থেকে ৪ ডিসেম্বর এবং প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন আজ রোববার (১৭ ডিসেম্বর)।

 

এ ছাড়া গত ৬ থেকে ১৫ ডিসেম্বর পর্যন্ত রিটার্নিং কর্মকর্তাদের সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল গ্রহণ ও নিষ্পত্তি করা হয়। আগামীকাল সোমবার প্রার্থীদের প্রতীক বরাদ্দ দেওয়া হবে।

 

১৮ ডিসেম্বর সকাল ৮টা থেকে ৫ জানুয়ারি সকাল ৮টা পর্যন্ত নির্বাচনি প্রচারণা চালানো যাবে। নির্বাচনে সারা দেশে ৪২ হাজার ১০৩টি ভোটকেন্দ্রে মোট ১১ কোটি ৯৬ লাখ ৯১ হাজার ৬৩৩ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারবেন।

 


 

Ads