হঠাৎ বুকে ব্যথা নিয়ে হাসপাতালে ভর্তি এ আর রহমান
১৬ মার্চ ২০২৫, ০১:১৩ পিএম
বুকে ব্যথা নিয়ে হঠাৎ হাসপাতালে ভর্তি হলেন অস্কারজয়ী সংগীতশিল্পী এ আর রহমান। রবিবার সকালে তাকে চেন্নাইয়ের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে।
সম্প্রতি লন্ডন সফরে গিয়েছিলেন এ আর রাহমান। সেখান থেকে ফেরার পরই অসুস্থ বোধ করেন তিনি। হঠাৎ বুকে ব্যথা অনুভব করলে কোনো রকম ঝুঁকি না নিয়ে পরিবারের লোকজন তাঁকে হাসপাতালে ভর্তি করার সিদ্ধান্ত নেন।
তাঁর শরীরে এনজিওগ্রাম করার প্রক্রিয়া চলছে। একদল বিশেষজ্ঞ চিকিৎসক তাঁকে নিবিড় পর্যবেক্ষণে রেখেছেন। লন্ডন থেকে ফেরার পর বুকে ব্যথা অনুভব করায় তিনি হাসপাতালে চেকআপ করাতে পৌঁছান। সেখানে ইসিজি করা হয় তাঁর।
ধারণা করা হচ্ছে, রোজা রেখে দীর্ঘ পথযাত্রার ধকলে অসুস্থ হয়ে পড়েছিলেন রহমান। চিকিৎসকেরা জানিয়েছেন, ডিহাইড্রেশনে ভুগছেন এ আর রহমান। অবশ্য আরেকটি সূত্র দাবি করেছে, ঘাড়ে ব্যথার সমস্যা নিয়ে বিদেশ থেকে ফিরেছিলেন রাহমান। তারপরই চিকিৎসকের পরামর্শ নিতে হাসপাতালে যান তিনি।
চিকিৎসকেরা এও জানিয়েছেন, তিনি বর্তমানে ভালো আছেন এবং শিগগিরই বাড়ি ফিরতে পারবেন।























