আমেরিকা মাতাতে ডালাস যাচ্ছে বাংলাদেশের আইকনিক রকস্টার জেমস

বিনোদন ডেস্ক

১০ মার্চ ২০২৫, ১১:০২ এএম


আমেরিকা মাতাতে ডালাস যাচ্ছে বাংলাদেশের আইকনিক রকস্টার জেমস

 

দেশের ব্যান্ড ইন্ডাস্ট্রির কিংবদন্তি এক নাম নগর বাউল। এই দলের প্রধান রকস্টার মাহফুজ আনাম জেমস। যারা দেশ ও দেশের বাইরে প্রতি বছরই অসংখ্য কনসার্ট করে থাকেন। এ বছর তারা আবারও আমেরিকা মাতাতে যাবেন। এরই মধ্যে অনলাইনে তাদের যুক্তরাষ্ট্র কনসার্টের টিকিট বিক্রি শুরু হয়েছে।

‘চ্যাপ্টার টু জেমস লাইভ ইন ডালাস’ শিরোনামের এই কনসার্টটি অনুষ্ঠিত হবে আগামী ১৪ জুন। ডালাসের প্ল্যানো ইভেন্ট সেন্টারে। ভেন্যু টি আট ধাপে ভাগ করে এরই মধ্যে অনলাইনে বিক্রিও শুরু হয়েছে টিকিট। সর্বনিম্ন ৪৯ ও সর্বোচ্চ ১৫০ মার্কিন ডলারে পাওয়া যাচ্ছে এর টিকিট। 

এর আগে ব্যান্ড নগর বাউল ২০২৩ সালে যুক্তরাষ্ট্রে কনসার্ট করতে যায়। সে বার দেশটির ১০ রাজ্যে ১০টি শো করার কথা থাকলেও এই সংগীত সফরে সব মিলিয়ে ২৫টি শোতে পারফর্ম করে ব্যান্ডটি। তবে এবার কয়টি কনসার্ট করবে নগর বাউল, তা জানা যায়নি। শুধু ডালাসের কনসার্ট সম্পর্কে বিস্তারিত জানা গেছে।

এদিকে দেশের বাইরে সর্বশেষ সৌদি আরবের রিয়াদে কনসার্ট করে ব্যান্ড নগর বাউল, যা ছিল দেশটিতে তাদের প্রথম কোনো কনসার্ট। ২২ নভেম্বর রিয়াদ সিজনের বাংলাদেশ উইকে আল-সুওয়াইদি পার্কে জেমসের গান শোনার জন্য এদিন দেশটির বিভিন্ন শহরে থাকা বাংলাদেশিরা ভিড় করে। কারণ সবার জন্য এটি ছিল উন্মুক্ত কনসার্ট।

নগর বাউলের বর্তমান সদস্য; ফারুক মাহফুজ আনাম জেমস (ভোকাল), আহসান এলাহি ফ্যান্টি (ড্রামাস), সুলতান রায়হান খান (গিটার), তালুকদার সাব্বির (বেজ গিটার)। 

 

Ads