বিএফডিসি থেকে তাসনিয়া ফারিণের আইফোন চুরি
০৫ অক্টোবর ২০২৩, ০৪:২৫ পিএম
তাসনিয়া ফারিণ
রাজধানীর বিএফডিসিতে শুটিং করার সময় ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী তাসনিয়া ফারিণের ব্যবহৃত আইফোন ১৪ প্রো চুরি হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। বুধবার (৪ অক্টোবর) দুপুরে এ ঘটনা ঘটে। এ সময় কাজল আরেফিন অমির পরিচালনায় ‘অসময়’ ওয়েব সিরিজের শুটিং করছিলেন ফারিণ।
এ বিষয়ে ‘অসময়’ ওয়েব সিরিজের সংশ্লিষ্টরা জানান, বিকেল আনুমানিক সাড়ে ৩টার দিকে শুটিং শেষ করে সাংবাদিকদের সঙ্গে কথা বলছিলেন ফারিণ। এ সময় প্রোডাকশন বয় সেজে ফারিণের মাথার ওপর ছাতা ধরেছিলেন একজন। ফোনটি তার হাতেই ছিল বলে জানান ফারিণ। পরে সাংবাদিকদের সঙ্গে কথা বলা শেষে ফারিণ দেখতে পান ওই ছেলেটি আর নেই। সেখান থেকে চলে গেছে।
এ ঘটনায় তেজগাঁও শিল্পাঞ্চল থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন ফারিণ। তেজগাঁও শিল্পাঞ্চল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাজহারুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
আরও পড়ুন: বলিউডে অভিষেক অভিনেত্রী আজমেরী হক বাঁধনের
ওসি বলেন, চুরি নয়, ফোনটি হারিয়ে গেছে। এ ঘটনায় একটি জিডি হয়েছে। আমরা একটি ভিডিও ফুটেজ পেয়েছি। সেটা নিয়ে কাজ চলছে।






















