শীতার্তদের পাশে কনসার্ট ফর কম্বল

প্রতিদিনেরচিত্র ডেস্ক

০৪ জানুয়ারি ২০১৬, ০৬:২৭ পিএম


শীতার্তদের পাশে কনসার্ট ফর কম্বল

প্রতিদিনের চিত্র ডেস্ক :: আগামী ৮ জানুয়ারি রাজধানীর রেসিডেন্সিয়াল মডেল কলেজে শীতার্তদের পাশে দাঁড়ানোর আহ্বান নিয়ে ঢাকায় দ্বিতীয়বার অনুষ্ঠিত হতে যাচ্ছে কনসার্ট ফর কম্বল।

শীতার্ত মানুষের জন্য শীতবস্ত্র সংগ্রহে এদিন মঞ্চে উঠবেন দেশের জনপ্রিয় ব্যান্ড ও কণ্ঠশিল্পীরা।

সে তালিকায় রয়েছে এলআরবি, মাইলস, মাকসুদ অ্যান্ড ঢাকা, ওয়ারফেইজ, মিলা, প্রমিথিউস, ভাইকিংস, অর্ণব অ্যান্ড ফ্রেন্ডস, তাহসান অ্যান্ড ব্যান্ড, শহরতলী, বিভীষিকা, রাজত্ব ও ফিউশনস্টিক।

আয়োজকরা জানান, গত বছরের মতো এবারও শীতবস্ত্রের বিনিময়ে দর্শকরা এ কনসার্ট দেখার সুযোগ পাবেন। কোনো বিজ্ঞাপন বা প্রতিষ্ঠানের সহযোগিতা না পেলেও আমরা এ আয়োজন থেকে পিছিয়ে আসিনি।

শুধু তাই নয়, এবার আগের চেয়ে বড় পরিসরে এ কনসার্টের পরিকল্পনা করা হয়েছে। দেশের জনপ্রিয় ব্যান্ড ও কণ্ঠশিল্পী অসহায় মানুষের পাশে থাকার প্রয়াসে এতে অংশ নিচ্ছেন।

তারা আরো জানান, এবার কম্বলের পরিবর্তে ৩০০ টাকা মূল্যের কম্বল পাস নিয়েও কনসার্ট উপভোগ করার সুযোগ পাবেন সবাই। ব্যান্ডবক্সের যে কোনো শাখায় এবং অনুষ্ঠানস্থল থেকে এই কম্বল পাস সংগ্রহ করা যাবে।

‘কনসার্ট ফর কম্বল’ প্রসঙ্গে এলআরবির আইয়ুব বাচ্চু বলেন, অসহায় মানুষের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব। আমরা যেহেতু সঙ্গীতের সঙ্গে সম্পৃক্ত, তাই সঙ্গীতের মাধ্যমেই দুস্থ ও অসহায় মানুষের জন্য সহযোগিতার হাত বাড়িয়ে দিতে চাই। সে কারণে আমি ও এলআরবি এই আয়োজনে অংশ নিতে আগ্রহী হয়েছি।

মাইলসের শাফিন আহমেদ বলেন, এটি একটি প্রশংসনীয় উদ্যোগ। এ আয়োজনের মাধ্যমে মানুষ জানবে, গান কেবল বিনোদন দেয় না, মানুষ হিসেবে মানুষের পাশে দাঁড়ানোর প্রেরণাও জোগায়।

তাদের কথার রেশ ধরে তাহসান বলেন, গত বছর কনসার্ট ফর কম্বল এর প্রথম আয়োজনে অংশ নিয়েছিলাম। অসম্ভব সাড়া পেয়েছিলাম এমন একটি আয়োজনে অংশ নিয়ে। সে সঙ্গে এক ধরনের আত্মতৃপ্তি ছিল এটা ভেবে যে, শীতার্ত মানুষের জন্য কিছু একটা করতে পেরেছি।

এবার আরো বড় পরিসরে এ আয়োজন করা হচ্ছে। আশা করি, শীতকাতর কিছু মানুষের মুখে হাসি ফোটানোর মধ্য দিয়ে এ উদ্যোগ সফল হবে।

Ads