রাজকাহিনীর সাফল্যে খুশি অভিনেত্রী জয়া আহসান
২৬ অক্টোবর ২০১৫, ০২:০৮ এএম
ছবি-সংগৃহীত
কলকাতার প্রেক্ষাগৃহে গত ১৬ অক্টোবর মুক্তি পেয়েছে জনপ্রিয় বাংলা ছবি রাজকাহিনী। ছবিটিতে অভিনয় করেছেন বাংলাদেশি অভিনেত্রী জয়া আহসান। জয়া ২২ দিন কলকাতায় অবস্থান করেছেন এই ছবিটি মুক্তি পাওয়ার অপেক্ষায়। অবশেষে ছবিটি মুক্তি পাওয়ায় তিনি বুধবার রাতে দেশে ফিরেছেন।
জয়ার অভিনীত কলকাতায় তার প্রথম ছবিটি ছিল আবর্ত। আর সেই ছবির পরিচালক ছিলেন অরিন্দম শীল। গত বছরের মার্চে ছবিটি মুক্তি পেয়েছিল।
জানা গেছে টালিউড পাড়া নাকি এখন সব আলোচনা রাজকাহিনী ছবিটিকে ঘিরে। এ ছবিটি সম্পূর্ণ নির্মিত হয়েছিল ১৯৪৭ সালের দেশভাগকে কেন্দ্র করে।
রাজকাহিনী চলচ্চিত্রটি নিয়ে জয়া আহসানের অনেক প্রত্যাশা ছিল বলে তিনি প্রতিক্রিয়ায় বলেন, ছবিটি দর্শকদের মাঝে প্রচুর জনপ্রিয়তা পাওয়ায় আমার খুব ভাল লাগছে। আর এই ছবিটি যথাযথ সময়ে অর্থাৎ দুর্গাপূজার সময় মুক্তি পাওয়ায় দর্শকদের আনন্দ বাড়তি মাত্রা যোগ করেছে।
নির্মিত এ চলচ্চিত্রটিতে রুবিনা নামে একটি চরিত্রে অভিনয় করেন জয়া। চরিত্রটি সম্পর্কে তিনি বলেন, ছবিটির মূল কাহিনী ১১ জন পতিতাকে ঘিরে। তার মধ্যে আমি একজন। আমি সর্বোচ্চ চেষ্টা করেছি রুবিনা চরিত্রটি ফুটিয়ে তুলতে।
নতুন কাজ সম্পর্কে জয়া বলেন, বর্তমানে হাতে দুটি কাজ আছে। পরিচালক সাইফুল ইসলাম মাননুরের ‘পুত্র’ ছবির কাজটি খুব শীঘ্রই শুরু হচ্ছে। আর হাসান আজিজুল হকের গল্প ‘খাঁচা’ নিয়ে আকরাম খান একটি ছবি তৈরি করবেন। সেই ছবিতেও কাজ করার ব্যাপারে আমার সাথে তাদের আলোচনা হয়েছে।


































