‘মেলোডি কুইন রুনা লায়লা ইন লন্ডন’ শীর্ষক কনসার্টে গাইবেন রুনা লায়লা
০৮ আগস্ট ২০১৬, ১০:০৭ পিএম
।। প্রতিদিনের চিত্র ডেস্ক ।। রুনা লায়লা চলচ্চিত্র, পপ ও আধুনিক সঙ্গীতের জন্য বিখ্যাত। তবে বাংলাদেশের বাইরে গজল গায়িকা হিসাবে দক্ষিণ এশিয়ার অন্যান্য দেশে তাঁর সুনাম আছে। এদিকে গাইতে গাইতেই পঞ্চাশটা বছর কাটিয়ে দিলেন খ্যাতিমান এ সঙ্গীতশিল্পী। দীর্ঘ ক্যারিয়ারে কণ্ঠ দিয়েছেন ১০ হাজারের মতো গানে।
আর গুণী এই শিল্পীর ক্যারিয়ারের ৫০বছর পূর্তি উৎসবের আয়োজন করেছে লন্ডন প্রবাসী বাঙালিরা। আসছে ২৪ সেপ্টেম্বর লন্ডনের রামফোর্ডের দ্য সিটি প্যাভিলিয়নে আয়োজন করা হয়েছে তার একক সঙ্গীত সন্ধ্যার। ‘মেলোডি কুইন রুনা লায়লা ইন লন্ডন’ শীর্ষক কনসার্টে নিজের নতুন পুরান গানগুলো পরিবেশন করবেন তিনি।
প্রসঙ্গত গানে রুনা লায়লার হাতে খড়ি মাত্র ৬ বছর বয়সে। পাকিস্তানের করাচি শহরের একটি অনুষ্ঠানে রুনা লায়লার বড় বোন দিনা লায়লার গান গাওয়ার কথা ছিল। কিন্তু সেদিন দিনা লায়লা অসুস্থ হয়ে পড়ে। বোনের অসুস্থতার কারণে রুনা লায়লাকে সেই অনুষ্ঠানে গান গাইতে বলা হয়। প্রথম সুযোগেই সবাইকে বেশ চমকে দেন ও পুরস্কৃত হন। তারপর থেকে আজ অবধি বিরতিহীনভাবে গান করে যাচ্ছেন।


































