সাধক রাধারমণ দত্তের অমর গান ‘ভ্রমর কইও গিয়া’
২০ মে ২০১৬, ০২:৩০ পিএম
প্রতিদিনের চিত্র ডেস্ক :: সাধক রাধারমণ দত্তের অমর গান ‘ভ্রমর কইও গিয়া’ শোনেননি এমন শ্রোতা বাংলাদেশে কমই আছেন। এবার নতুন সঙ্গীতায়োজনে গানটিতে কণ্ঠ দিচ্ছেন দিলরুবা খান। শিরোনাম দেওয়া হয়েছে ‘ভ্রমর’। গানটির সঙ্গীতায়োজন করেছেন ডিজে রাহাত। তিনি জানান, শিগগিরই অনলাইনে ’ভ্রমর’-এর ভিডিও প্রকাশ হবে।
ইতোমধ্যে কয়েক সেকেন্ডের প্রোমো প্রকাশ হয়েছে। তাতে খালি গলায় পার্কে বসে ‘ভ্রমর’ গাইতে দেখা যায় দিলরুবাকে। মঞ্জু আহমেদের পরিচালনায় মডেল হয়েছেন নাদিয়া খানম।
দুই যুগ আগে দিলরুবার অ্যালবামে ঠাঁই পেয়েছিল ‘ভ্রমর’। জনপ্রিয় এ শিল্পী প্রতিটি অনুষ্ঠানে গানটি পরিবেশনের অনুরোধ পান। এছাড়া ফেরদৌসী রহমান থেকে শুরু করে হালের আরমিন মুসা’সহ অনেক জনপ্রিয় শিল্পী গানটি কাভার করেছেন।
দিলরুবার সঙ্গে রাহাতের গান এ প্রথম নয়। এর আগে ২৫ বছর পূর্তিতে নতুন সঙ্গীতায়োজনে প্রকাশ করেন হিট গান ‘পাগল মন’। ২০১৫ সালের ২৪ অক্টোবর প্রকাশ হওয়ার পর গানটি এ পর্যন্ত দেখা হয়েছে ৩ লাখ ৪০ হাজারের বেশিবার।


































