১১ মে ‘জাতীয় চলচ্চিত্র পুরস্কার ২০১৪’ উপস্থাপনায় রিয়াজ-নওশীন
০৩ মে ২০১৬, ০৫:৫০ পিএম
বিনোদন ডেস্ক :: আগামী ১১ মে ‘জাতীয় চলচ্চিত্র পুরস্কার ২০১৪’ বিজয়ীদের হাতে তুলে দিবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ উপলক্ষে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে পুরস্কার প্রদান অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। আর এই পুরস্কার প্রদান অনুষ্ঠানটি উপস্থাপনা করবেন নায়ক রিয়াজ ও অভিনেত্রী নওশীন।
এর আগেও বেশ কয়েকবার জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রদান অনুষ্ঠানের উপস্থাপক হিসেবে দায়িত্ব পালন করেন রিয়াজ। তবে এবার তার সঙ্গে অভিনেত্রী নওশীনকে উপস্থাপক হিসেবে দেখা যাবে।
এ প্রসঙ্গে রিয়াজ বলেন, ‘জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রদান অনুষ্ঠান উপস্থাপনার অভিজ্ঞতা আগেও হয়েছিল। এর মধ্যে অন্য রকম এক আনন্দ আছে। অভিজ্ঞতা কাজে লাগিয়ে এবার আরো ভালো করতে পারব বলে আমার বিশ্বাস।’
নওশীন বলেন, ‘এ অনুষ্ঠান উপস্থাপনার ব্যাপারে চূড়ান্ত কথা হয়েছে। আমি মনে করি, এ ধরনের অনুষ্ঠান উপস্থাপনা করা যে কারো জন্যই অনেক সম্মানের।’


































