মির্জাপুরে এসএসসি পরীক্ষার্থীকে কুপিয়ে জখম করেছে কিশোর গ্যাংয়ের সদস্যরা
১৭ মে ২০২৩, ০৫:৫৮ পিএম
প্রতিকী ছবি।
টাঙ্গাইলের মির্জাপুর পৌরসভা এলাকার বাওয়ার কুমারজানি পূর্বপাড়া এলাকায় মঙ্গলবার শিমুল নামের এক এসএসসি পরীক্ষার্থীকে ধারালো চাপাতি দিয়ে কুপিয়ে জখম করেছে কিশোর গ্যাংয়ের সদস্যরা।
ওই পরীক্ষার্থীর নাম আশরাফুল সিকদার ওরফে শিমুল(১৭)।সে বাওয়ারকুমারজানি পূর্বপাড়া গ্রামের শওকত সিকদারের ছেলে।
আহত শিমুলের বাবা ও তার বড় ভাই বিপুল সিকদার জানান,এ বছর দেওহাটা এ জে উচ্চ বিদ্যালয় থেকে ব্যবসায় শিক্ষা বিভাগ থেকে এসএসসি পরীক্ষা দিচ্ছিলো শিমুল। মঙ্গলবার দুপুরে ব্যবসায় বিষয়ের পরীক্ষা শেষে বাড়ি ফেরার পথে বাড়ির পাশের সেতুতে পৌঁছালে ৭টি মোটরসাইকেলে থাকা কিশোর গ্যাংয়ের সদস্যরা অতর্কিতভাবে চাপাতি ও ধারালো অস্ত্র দিয়ে হামলা চালায়।এতে শিমুলের মাথাসহ শরীরের বিভিন্ন অংশে জখম হয়।পরে ওইস্থান থেকে শিমুলকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে কুমুদিনী হাসপাতালে নিয়ে গেলে প্রাথমিক চিকিৎসা শেষে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রেরণ করা হয়।এ সংবাদটি লেখা পর্যন্ত তথ্যে, এ বিষয়ে থানায় অভিযোগ প্রক্রিয়াধীন।
মির্জাপুর থানার ওসি শেখ মো.আবু সালেহ মাসুদ করিম বলেন,ঘটনার সংবাদ পেয়েছি। এখনো অভিযোগ পাইনি।পেলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।



































