রামগড়ে শিশু দিবসে নিরাপদ শৈশব নিশ্চিতের আহবান
২০ নভেম্বর ২০২৬, ০৪:৪০ পিএম
খাগড়াছড়ির রামগড়ে ‘শিশুর ভবিষ্যৎ হোক সুরক্ষিত’ প্রতিপাদ্যে বিশ্ব শিশু দিবস-২০২৬ উপলক্ষে শিশু র্যালি ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২০ নভেম্বর) সকাল ১০টায় অগ্রসর শিশু-কিশোর কেন্দ্র (এসিসি) ও স্থানীয় শিশু-কিশোরদের যৌথ উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়।
সকালে রামগড় বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে র্যালিটি মুক্তিযোদ্ধা বিজয় ভাস্কর্যে গিয়ে শেষ হয়। পরে সেখানে শিশুদের অধিকার, নিরাপত্তা ও সুরক্ষিত শৈশব নিশ্চিতের বিষয়ে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।
গুজা পাড়া নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ের নবম শ্রেণির শিক্ষার্থী প্রেমালী ত্রিপুরার সঞ্চালনায় সমাবেশে একই বিদ্যালয়ের দশম শ্রেণির শিক্ষার্থী অলিন চাকমা বলেন, বিশ্ব শিশু দিবসে শিশুদের প্রধান প্রত্যাশা হলো নির্ভয়ে বেঁচে থাকা এবং পড়াশোনার স্বাভাবিক পরিবেশ নিশ্চিত করা। ‘শিশুর ভবিষ্যৎ হোক সুরক্ষিত’—এটি শুধু স্লোগানে সীমাবদ্ধ না রেখে বাস্তবে রূপ দিতে হবে। এ জন্য শিশুদের প্রতি যথাযথ গুরুত্ব দেওয়া এবং তাদের অধিকার রক্ষায় সবাইকে এগিয়ে আসতে হবে।
সমাবেশে গুজা পাড়া নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুরিয়া মার্মা বলেন, শিশুদের নিরাপত্তা, শিক্ষা ও মানসিক সুস্থতা নিশ্চিত করা অত্যন্ত জরুরি। একটি শিশু পরিবার, সমাজ ও পারিপার্শ্বিক পরিবেশে নিরাপদ বোধ করলেই পূর্ণাঙ্গ মানুষ হিসেবে গড়ে ওঠার সুযোগ পায়। শিশুদের অধিকার রক্ষা করা সবার নৈতিক দায়িত্ব।
কর্মসূচিতে শিশুদের জন্য নিরাপদ, শঙ্কামুক্ত ও সহায়ক পরিবেশ নিশ্চিত করার পাশাপাশি তাদের অধিকার প্রতিষ্ঠায় পরিবার, সমাজ ও সংশ্লিষ্ট সবার দায়িত্বশীল ভূমিকার ওপর গুরুত্বারোপ করা হয়।





















