চরভদ্রাসনের মৌলভীরচরে সড়কের বেহাল দশা: কিশোর আলো যুব সংগঠনের সরেজমিন পরিদর্শন

সাজ্জাদ হোসেন

০৪ সেপ্টেম্বর ২০২৫, ০৬:৪৬ পিএম


চরভদ্রাসনের মৌলভীরচরে সড়কের বেহাল দশা: কিশোর আলো যুব সংগঠনের সরেজমিন পরিদর্শন

 

রিদপুর জেলার চরভদ্রাসন থানার মৌলভীরচর এর দারাজউদ্দিন মোল্লার ডাঙ্গী গ্রাম আজ দীর্ঘদিন ধরে ভয়াবহ সড়ক সমস্যার শিকার। গ্রামের রাস্তাঘাটের বেহাল অবস্থার কারণে প্রতিনিয়ত ভোগান্তিতে পড়ছে স্থানীয় মানুষ।

গ্রামের প্রবেশমুখ থেকে শুরু করে ভেতরের রাস্তাগুলো পর্যন্ত কোথাও বিশাল জায়গাজুড়ে পানি জমে রয়েছে, আবার কোথাও একটিও ইট পাওয়া যায় না। যেসব স্থানে ইট আছে, তারও অধিকাংশ নষ্ট হয়ে গেছে, ফেটে গিয়ে গর্তে পরিণত হয়েছে। ফলে রাস্তায় চলাচল করা অত্যন্ত কষ্টকর হয়ে উঠেছে। বিশেষ করে কোমলমতি শিশুরা প্রতিদিন স্কুলে যাওয়া-আসায় চরম ভোগান্তির শিকার হচ্ছে। শুধু তাই নয়, মসজিদের মুরুব্বি ও ইমাম সাহেব নামাজে যেতে গিয়েও প্রায়ই সমস্যায় পড়েন। যত্রতত্র গর্ত হয়ে যাওয়ায় গ্রামবাসীর দুর্ঘটনার ঝুঁকি বেড়েছে।

আজ এই ভয়াবহ পরিস্থিতি সরেজমিনে দেখতে কিশোর আলো যুব সংগঠনের সভাপতি নাইফ আদনান গ্রামের বিভিন্ন রাস্তা পরিদর্শন করেন। তিনি গ্রামবাসীর সাথে কথা বলেন এবং তাদের কষ্টের চিত্র নিজ চোখে প্রত্যক্ষ করেন। পরিদর্শন শেষে তিনি পুরো পরিস্থিতি ভিডিও ধারণ করে তুলে আনেন, যেন এই ভোগান্তির বাস্তব ছবি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে পৌঁছানো যায়।

কিশোর আলো যুব সংগঠনের পক্ষ থেকে জানানো হয়, দীর্ঘদিন ধরে গ্রামের মানুষ এই রাস্তার কারণে অবর্ণনীয় কষ্ট ভোগ করছে। শিশু, নারী, বৃদ্ধ থেকে শুরু করে সকল শ্রেণীর মানুষ এক ধরনের অচলাবস্থার মধ্যে রয়েছে।

সংগঠনের পক্ষ থেকে স্থানীয় জনপ্রতিনিধি- ইউনিয়ন চেয়ারম্যান, মেম্বার ও উপজেলা পরিষদের দৃষ্টি আকর্ষণ করা হচ্ছে। তারা যেন অচিরেই যথাযথ পদক্ষেপ নিয়ে গ্রামবাসীকে এই দুর্ভোগ থেকে মুক্ত করেন।

Ads