তালশাঁস বিক্রি করে লাভের মুখ দেখছেন রিয়াদ
০৫ জুন ২০২৫, ১২:০০ পিএম
জয়পুরহাটের আক্কেলপুর কাঁচা বাজারে তালশাঁস বিক্রি। ছবি- প্রতিদিনেরচিত্র বিডি
স্বপ্ল খরচ কিন্তু পরিশ্রম বেশি, তালেরশাঁস বিক্রি করে লাভের মুখ দেখছেন রিয়াদ। একটি তাল গাছের সম্পন্ন তাল কিনতে খরচ হয় ২শ৫০ থেকে ৪শত টাকা। সেই তাল সারাদিনে বিক্রয় করে পাওয়া যায় দেড় থেকে দুই হাজার টাকা। এতে লভ্যাংশটা বেশি থাকলেও পরিশ্রম ও কাজের ঝুঁকিটা বেশি। দিব্যি চলছে রিয়াদের সংসার।
চলছে মধু মাস। দেশের অন্যান্য স্থানের মতো জয়পুরহাটের আক্কেলপুর বাজারেও আম, লিচুসহ হরেক রকমের মৌসুমি ফলের দেখা মিলছে। সেই সঙ্গে পাওয়া যাচ্ছে সুস্বাদু তালশাঁসও। প্রচণ্ড তাপপ্রবাহে বেড়েছে ফলটির কদর।
আক্কেলপুর পৌর শহরের অলিগলিসহ উপজেলার বিভিন্ন বাজার ও গ্রামের মোড়ে মোড়ে বিক্রি হচ্ছে তালশাঁস। একটি শাঁস ৫ টাকা এবং একটি তাল ১৫-২০ টাকা দরে বিক্রি হচ্ছে। বিক্রেতাদের দাবি, আম ও লিচুসহ মৌসুমি অন্য ফলের ক্ষেত্রে বিষাক্ত ফরমালিন ব্যবহারের ঘটনা খুবই স্বাভাবিক হয়ে উঠেছে। কিন্তু তালশাঁসে এসবের প্রয়োজন হয় না। তাই ভেজালমুক্ত তালশাঁসের কদর বেশি।

আক্কেলপুর কলেজ বাজার কাঁচামালহাটিতে তালশাঁস বিক্রি করছেন, দুপচাঁচিয়ার উপজেলার ছোটকুর গ্রামের ব্যবসায়ী মোঃ রিয়াদ। তিনি গ্রামে গ্রামে ঘুরে তালগাছ মালিকদের কাছ থেকে তাল সংগ্রহ করেন। পরে আক্কেলপুর পৌর কলেজ বাজার সহ বিভিন্ন স্থানে তাল বিক্রি করেন।
রিয়াদ বলেন, ‘প্রতিবছরই এ সময়ে জৈষ্ঠ্যের প্রথম সপ্তাহ থেকে আষাঢ় মাস পর্যন্ত আমি তালশাঁস বিক্রি করি। গরমের সময় প্রচুর চাহিদা থাকে। দাম ভালো পাওয়া যায়। সারাদিনে দেড় থেকে দুই হাজার টাকার তালের শাঁস বিক্রি হয়। প্রায় এক হাজার টাকা মুনাফা থাকে। তিনি বলেন, তালগাছ থেকে জীবনের ঝুঁকি নিয়ে ফল কেটে আনা কষ্টকর বিষয়। অতিরিক্ত পরিশ্রম দিয়ে কেটে আনতে হয়। একটি গাছে ৫শত-৭শত টি তাল পাওয়া যায়।’

কলেজ বাজার কাচামালহাটিতে তালশাঁস কিনতে আসা আব্দুল জলিল বলেন, ‘বাজারেও আম, ‘লিচুসহ হরেক রকমের মৌসুমি ফলের দেখা মিলছে। সেই সঙ্গে পাওয়া যাচ্ছে সুস্বাদু তালশাঁসও। গরমের মধ্যে তৈলাক্ত খাবারের চেয়ে তালশাঁস অনেক উপকারী। এর অনেক গুণাগুণ রয়েছে। খেতেও সুস্বাদু।’
আক্কেলপুর উপজেলা অতিরিক্তক কৃষি কর্মকর্তা কামনাশিস্ সরকার বলেন, ‘তালগাছের অনেক উপকারিতা রয়েছে। এর মধ্যে একটি হলো বজ্রনিরোধক। তালশাঁস শরীরের জন্য খুবই উপকারী। গরমের দিনে তালশাঁসে থাকা জলীয় অংশ পানিশূন্যতা দূর করে। এছাড়া ক্যালসিয়াম, ভিটামিন এ, বি ও সি, জিংক, পটাশিয়াম, আয়রনসহ অনেক খনিজ উপাদান রয়েছে।’





















