পুতুল নাচের নামে অশ্লীলতা বন্ধ করল ইউএনও
০২ এপ্রিল ২০২৫, ০৮:৪৬ পিএম
উপজেলা নির্বাহী অফিসার মনজুরুল আলম এ অভিযান পরিচালনা করেন।
জয়পুরহাটের আক্কেলপুর উপজেলার গোপীনাথের মেলায় পুতুল নাচের নামে চলা অশ্লীল নাচের আসরে অভিযান চালিয়ে বন্ধ করে দিয়েছে উপজেলা প্রশাসন। একই সাথে প্যান্ডেল ও টিনের বেড়া অপসারণ করা হয়।
উপজেলার গোপীনাথপুর ইউনিয়নে দোল পূর্ণিমা উপলক্ষে গত ১৩ মার্চ শুরু হওয়া ৫শত বছরের পুরনো ঐতিহ্যবাহী গোপীনাথ মেলা ১৩ দিন ব্যাপী অনুষ্ঠিত হয়। তবে এবার রমজান মাস হওয়ায় যাত্রাপালা, পুতুল নাচসহ বিনোদনের কোনো অনুমোদন ছিল না।
১ এপিল থেকে সাংস্কৃতিক বিষয়ক মন্ত্রণালয়ের সুপারিশে এবার একটি যাত্রাপালার অনুমোদন দিয়েছে জেলা প্রশাসন। কিন্তু প্রশাসনের অনুমতি না নিয়ে গতকাল মঙ্গলবার বিকাল থেকে মেলায় দুইটি পুতুল নাচের (ছায়াবাজি) প্যান্ডেলে ইচ্ছে মতো অশ্লীল নিত্য প্রদর্শিত হচ্ছিল। কথিত পুতুল নাচের নামে অশ্লীলতা বন্ধের জন্য সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ও উপজেলা প্রশাসনের কাছে মৌখিক অভিযোগও করেন স্থানীয় বাসিন্দারা। এরই পরিপ্রেক্ষিতে গতকাল মঙ্গলবার রাত্রি ৮টায় উপজেলা প্রশাসন ইউনিয়ন গ্রাম পুলিশ ও থানা পুলিশকে সঙ্গে নিয়ে মেলা প্রাঙ্গণে অভিযান চালিয়ে অভিযোগের সত্যতা পাওয়ায় মেলায় অশ্লীলতা বন্ধে পুতুল নাচের দুইটি প্যান্ডলের টিনের বেড়া অপসারণ করে। একইসাথে মেলা কমিটিকে নির্দেশ দেয় জায়গাটি ফাঁকা করার জন্য। উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মনজুরুল আলম এ অভিযান পরিচালনা করেন। ইউএনও'র উপস্থিত টের পেয়ে আয়োজকরা পালিয়ে যায়।
মেলা দেখতে আসা মোঃ নাকিব হোসেন নামের একজন দর্শনার্থী বলেন, আমি মেলায় ঘুরতে এসেছিলাম। এসে দেখি এখানে পুতুল নাচের ভেতরে অশ্লীল নাচ দেখানো হচ্ছে।
গোপীনাথপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান ও মেলা কমিটির সভাপতি হাবিবুর রহমান বলেন, আমার অগোচরে প্রশাসনের অনুমতি না নিয়ে দুইটি পুতুল নাচ (ছায়াবাজি) নামের অশ্লীলতা নাচ চলছিল। উপজেলা প্রশাসন তা বন্ধ করে দিয়েছে।
নির্বাহী অফিসার বলেন, প্রশাসনের অনুমতি না নিয়ে তারা পুতুল নাচের নামে অশ্লীলতা নৃত্য প্রদর্শন করছিল। এমন অভিযোগের ভিত্তিতে রাতেই অভিযান চালানো হয়। অভিযানে গিয়ে অভিযোগের সত্যতা পাওয়ায় মেলা কমিটির সভাপতি, গ্রাম পুলিশ ও আক্কেলপুর থানা পুলিশ সদস্যদের উপস্থিতিতে কথিত দুটি পুতুল নাচের প্যান্ডেলের টিনের বেড়া অপসারণ করা ও অশ্লীলতা নাচের বন্ধের নির্দেশ দেওয়া হয়েছে। সেই সঙ্গে মেলা কমিটিকে সতর্ক করা হয়েছে। আবারও অশ্লীল নাচ চালানো হলে কঠিন শাস্তি দেওয়া হবে। তিনি আরও বলেন, সাংস্কৃতিক মন্ত্রণালয়ে সুপারিশক্রমে শিল্পকলা একাডেমিক কর্তৃক অনুমোদিত একটি যাত্রার অনুমোদন দেওয়া হয়েছে।





















