রাজশাহীতে গভীর রাতে নারীর ঘরে ধরা পড়া এএসআই বরখাস্ত

নাজিম হাসান

২০ ফেব্রুয়ারি ২০২৫, ০৫:৫০ পিএম


রাজশাহীতে গভীর রাতে নারীর ঘরে ধরা পড়া এএসআই বরখাস্ত


রাজশাহীতে এক মাদক কারবারির স্ত্রীর ঘরে ধরা পড়া পুলিশ কর্মকর্তা (এএসআই) সোহেল রানাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। একইসঙ্গে গতকাল বুধবার সন্ধ্যায় তাকে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) পুলিশ লাইন্সে ক্লোজড করা হয়েছে। 

এর আগে গত মঙ্গলবার দিবাগত রাতে নগরীর সাতবাড়িয়া মহল্লায় এক নারীর ঘরে পুলিশের সহকারী উপপরিদর্শক (এএসআই) সোহেল রানাকে পেয়ে আটকে রাখেন স্থানীয়রা। এ সময় তাকে লাঠিপেটা করে থানায় খবর দেওয়া হয়। পরে মতিহার থানা পুলিশ তাকে উদ্ধার করে। এএসআই সোহেল রানা আরএমপির চন্দ্রিমা থানায় কর্মরত ছিলেন। এএসআই সোহেল রানাকে যে নারীর ঘরে পাওয়া যায় সে নারী থাকেন তার বাবার বাড়িতে। তার স্বামী একজন মাদক কারবারি। বছর দেড়েক জেল খেটে তিনি স¤প্রতি জামিনে মুক্তি পেয়েছেন। এবিষয়ে মতিহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অব্দুল মালেক বলেন, রাতে ওই নারীর বাড়ি থেকে উদ্ধার করে এনে এএসআই সোহেল রানাকে থানা হেফাজতে রাখা হয়েছিল। 

পরে ঊর্দ্ধতন কর্তৃপক্ষ তাকে পুলিশ লাইন্সে ক্লোজড করে। তখন তাকে চন্দ্রিমা থানায় পাঠিয়ে দেওয়া হয়। সেখান থেকে এএসআই সোহেল পুলিশ লাইন্সে চলে যান। আরএমপির অতিরিক্ত উপপুলিশ কমিশনার (মিডিয়া) সাবিনা ইয়াসমিন বলেন, এএসআই সোহেলকে পুলিশ লাইন্সে ক্লোজড করার পাশাপাশি সাময়িক বরখাস্তও করা হয়েছে। এখন তার বিরুদ্ধে ওঠা অভিযোগের তদন্ত হবে। তারপর সে অনুযায়ী বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে।
 

 

Ads