আক্কেলপুরে দক্ষতা বৃদ্ধিতে গ্রাম আদালতের প্রশিক্ষণ
১৩ ফেব্রুয়ারি ২০২৫, ০৭:০৪ পিএম
জয়পুরহাটের আক্কেলপুরে ২ দিনব্যাপী গ্রাম-আদালত আইন ও বিধিমালা অবহিতকরণসহ দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন করা হয়েছে।
আজ বৃহস্পতিবার সকালে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে ও বাংলাদেশ গ্রাম আদালত সক্রিয়করণ (৩য় পর্যায়) প্রকল্প স্থানীয় সরকার বিভাগ-স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের বাস্তবায়নে ইউরোপিয়ান ইউনিয়ন ও জাতিসংঘ উন্নয়ন কর্মসূচির (ইউএনডিপি) সহযোগিতায় এ প্রশিক্ষণের উদ্বোধন করা হয়।
এ প্রশিক্ষণে উপজেলা নির্বাহী অফিসার মনজুরুল আলম এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জয়পুরহাটের জেলা প্রশাসক (ডিসি) আফরোজা আকতার চৌধুরী। এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, স্থানীয় সরকারের উপপরিচালক মোঃ মহিউদ্দিন জাহাঙ্গীর। আরও উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোছাঃ মুনিরা সুলতানা, ইএসডিও-এভিসিবি ৩য় পর্যায়ের প্রকল্পের ডিস্ট্রিক্ট ম্যানেজার মো: রাজিউর রহমান রাজু, উপজেলা কো অর্ডিনেটর দীন বন্ধু চন্দ্র রায়সহ ইউনিয়ন পরিষদ প্রশাসক, ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান, প্যানেল চেয়ারম্যান, ইউনিয়ন পরিষদ সদস্যবৃন্দ, ইউপি প্রশাসনিক কর্মকর্তা এবং হিসাবসহকারী-কাম-কম্পিউটার অপারেটর প্রমুখ।
প্রশিক্ষণের উদ্দেশ্য ছিল সংশ্লিষ্ট ব্যক্তিবর্গদের গ্রাম আদালতের কার্যক্রম সম্পর্কে সচেতন করা এবং তাদের দক্ষতা বৃদ্ধি করা। এছাড়া, প্রশিক্ষণার্থীদের গ্রাম আদালতের মাধ্যমে স্থানীয় সমস্যা সমাধানে তাদের ভূমিকা আরও কার্যকরী করার ওপর গুরুত্ব দেওয়া হয়।

বক্তরা বলেন, প্রান্তিক মানুষ সমাজে চলতে গিয়ে সামান্য সমস্যা হতেই পারে। এটি কিভাবে তা গ্রাম আদালতের মাধ্যমে চেয়ারম্যান মেম্বারগণ তা সমাধান করার সহজ পদ্ধতি পাবে সে বিষয়ে দক্ষতা বৃদ্ধির জন্য জন্য প্রশিক্ষণের বিকল্প নেই। মানুষকে সম্পদে রুপান্তর করতে হলে দক্ষতা বৃদ্ধি করা খুবই প্রয়োজন। এজন্য চাই যথাযথ প্রশিক্ষণ ও কার্যকর ফলো-আপ। এছাড়াও গ্রাম আদালতে অল্প খরচে, স্বল্প সময়ে এবং অতি সহজে বিরোধ ও বিবাদ নিস্পত্তির সুুযোগ রয়েছে। যে কোন ধরনের বিবাদ মিমাংসার জন্য আদালতে না গিয়ে ইউনিয়ন পরিষদে স্থাপিত গ্রাম আদালতের মাধ্যমে অনেক বিবাদ মিমাংসা করা সম্ভব। এতে অর্থ ও সময় দুই সাশ্রয়ী হয়। কার্যক্রমটি বেগবান করার জন্য মাঠ পর্যায়ের অংশীজনদের প্রশিক্ষনের ব্যবস্থা করা খুবই গুরুত্বপূর্ণ।





















