শেখ হাসিনা ভাবেনি দলবল নিয়ে পালিয়ে যেতে হবে: অধ্যাপক নজরুল ইসলাম
১৯ জানুয়ারি ২০২৫, ১১:৪৭ এএম
বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও বগুড়া অঞ্চল টিম সদস্য অধ্যাপক নজরুল ইসলাম বলেছেন, গত ৫ই আগস্ট ছাত্র জনতার গণঅভ্যুত্থানে ফ্যাসিষ্ট সরকার শেখ হাসিনা ভাবেনি তাঁকে দলবল নিয়ে পালিয়ে যেতে হবে। আমরাও ভাবিনি সে এভাবে পালিয়ে যাবে। শেখ হাসিনা আমাদের নেতা আলেম ওলামাদের অন্যায় ভাবে মিথ্যা মামলা দিয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের মাধ্যেমে ফাঁসি দিয়েছেন। সেই ট্রাইব্যুনালে আজ তাঁর বিচার হচ্ছে।
জয়পুরহাটের আক্কেলপুরে গতকাল শনিবার বিকেল ৩টায় মুজিবর রহমান সরকারি কলেজ মাঠে বাংলাদেশ জামায়াতে ইসলামী আক্কেলপুর উপজেলা শাখার উদ্দ্যোগে কর্মী ও সুধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথাগুলো বলেন।
প্রধান অতিথি নজরুল ইসলাম আরও বলেছেন, আমরা প্রায় ১৭ বছর পর সমাবেশের মধ্য দিয়ে আপনাদের সঙ্গে কথা বলতে পারছি। শেখ হাসিনা বলতেন আমি ত্যাগী। তাঁর ভাগ্নী যুক্তরাজ্যের লেবার মন্ত্রী টিউলিপ সিদ্দিক দুর্নীতির অভিযোগে মন্ত্রিত্ব হারিয়েছেন। তাঁর মেয়ে পুতুল স্বামীকে এবং ছেলে জয় তাঁর স্ত্রীকে তালাক দিয়েছেন। এটাই তাঁদের ত্যাগ। বাংলাদেশের মানুষ ভারতের আধিপত্য, সাম্রাজ্যবাদ ও আগ্রাসন নীতি মেনে নিবে না। ফ্যাসিস্ট সরকার শেখ হাসিনাকে আর কোনো দিন দেশের রাজনীতিতে আসতে দেওয়া যাবে না। বর্তমান সরকারের আমলে নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম উর্ধগতি। সংস্কার করে দ্রুত ভোট দেওয়ার জন্য অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসকে আহবান জানান। সম্মেলনের সভাপতিত্ব করেন আক্কেলপুর উপজেলা আমীর মাওলানা শফিউল হাসান দিপু।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন জয়পুরহাট জেলা জামায়াতে আমীর ডাঃ মো. ফজলুর রহমান সাঈদ, সেক্রেটারী মাওলানা গোলাম কিবরিয়া মন্ডল, সহকারী সেক্রেটারী এ্যাডঃ মামুনুর রশীদ, সহকারী সেক্রেটারী ও আক্কেলপুর উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান এস এম রাশেদুল আলম সবুজ। অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন, আক্কেলপুর উপজেলা সেক্রেটারি মাওলানা মোস্তাফিজুর রহমান প্রমুখ।
এসময় বিভিন্ন উপজেলা, পৌর ও ইউনিয়ন জামায়াতের নেতাকর্মী ও ছাত্র শিবিরসহ অনেকেই উপস্থিত ছিলেন।





















