কৃষিপণ্য ছাড়াই রাজশাহী থেকে প্রথম দিন ছেড়ে গেল বিশেষ ট্রেন
২৬ অক্টোবর ২০২৪, ০৫:৫৫ পিএম
প্রথম দিনই কৃষিপণ্য ছাড়াই রাজশাহী রেলওয়ে স্টেশন থেকে ১৫০ কেজি ওজনের ডিমের ফাঁকা খাঁচা (ক্যারেড) নিয়ে ছেড়ে গেছে কৃষিপণ্য স্পেশাল ট্রেন। শনিবার (২৬ অক্টোবর) সকাল ৯টা ১৫ মিনিটে চাঁপাইনবাবগঞ্জের রহনপুর রেলস্টেশন থেকে যাত্রা শুরু করে কৃষিপণ্য স্পেশাল ট্রেনটি। পরে রাজশাহী রেল স্টেশনে এসে পৌঁছায় সোয়া এগারটার সময়। এরপর নতুন করে চালু হওয়া এ ট্রেনটি বেলা ১১টা ৪০ মিনিটে রাজশাহীর শিরোইল রেলওয়ে স্টেশন থেকে ঢাকার উদ্দেশে ছেড়ে যায়।
পশ্চিম রেলওয়ে তথ্য মতে, বিশেষ ট্রেনে সাতটি বগি (লাগেজ ভ্যান) আছে। এর মধ্যে একটি শীতাতপ নিয়ন্ত্রিত এবং অপর ছয়টি সাধারণ বগি। অত্যাধুনিক লাগেজ ভ্যানে কৃষিপণ্যের মধ্যে ফল, সবজি ছাড়াও রেফ্রিজারেটেড লাগেজ ভ্যানে হিমায়িত মাছ, মাংস ও দুধ পরিবহনের ব্যবস্থা আছে। সবজিচাষি, কৃষক ও ব্যবসায়ীদের ঢাকায় যাওয়ার জন্য অন্তত ২০টি চেয়ার আছে। সবজির সঙ্গে তাদের বিনা ভাড়ায় যাওয়ার সুযোগ রাখা হয়েছে। সপ্তাহে একদিন অর্থাৎ প্রতি শনিবার সকালে রহনপুর থেকে ট্রেনটি ঢাকার উদ্দেশে ছেড়ে যাবে। ট্রেনটির ধারণক্ষমতা আছে ১০ মেট্রিক টন।
পশ্চিমাঞ্চল রেলের সহাকারী বাণিজ্যিক বর্মকর্তা একেএম নুরুল আলম জানান, উত্তরাঞ্চলের সবজি, ফলফুলসহ কৃষিপণ্য ঢাকায় নেওয়ার জন্য কৃষিপণ্য স্পেশাল ট্রেন চালু করা হয়েছে। আর কৃষকের সঙ্গে ঢাকার ব্যবসায়ীদের সমন্বয় ও আবহাওয়া খরাপের কারণে প্রথমদিন সবজি আসেনি। পাশাপাশি কয়েকদিন ধরে আবহাওয়া ভালো না, তাই হয়তো কৃষক ফসল সংগ্রহ করতে পারেনি।

















