রাজশাহী ১ আসনে স্বতন্ত্র প্রার্থী হয়ে ভোট করবেন মাহিয়া মাহি
২৮ নভেম্বর ২০২৩, ১০:৩০ পিএম
ছবি- সংগৃহীত।
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে রাজশাহী-১ অথবা চাঁপাইনবাবগঞ্জ -২ আসন থেকে আওয়ামী লীগের প্রার্থী হতে চেয়ে মনোনয়ন পান নাই মাহিয়া মাহি। সেজন্য তিনি রাজশাহী- ১ আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করার ঘোষণা দিয়েছেন চিত্রনায়িকা মাহিয়া মাহি।
সোমবার দুপুরে তানোর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা বিল্লাল হোসেনের কার্যালয় থেকে মাহির পক্ষে মনোনয়নপত্র উত্তোলন করেন তার ভগ্নিপতি জামাল উদ্দিন।
মাহি চাঁপাইনবাবগঞ্জের নাচোল উপজেলার কন্যানগর গ্রামের বাসিন্দা। তার নানার বাড়ি রাজশাহীর তানোর উপজেলার মুণ্ডমালা পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের উত্তরপাড়ায়। আলাদা জেলা হলেও নাচোল ও তানোরের ভৌগোলিক অবস্থান পাশাপাশি।
মনোনয়নপত্র তোলার বিষয়টি নিশ্চিত করে মাহি বলেছেন, “তানোর ও নাচোল দুটোই আমার এলাকা। নানার বাড়ি সূত্রে তানোরেও আমার বাড়ি আছে। আমি এখানে বেড়ে উঠেছি। তাই ছোটবেলা থেকেই এখানকার মানুষ আমার পরিচিত।”
আওয়ামী লীগ থেকে প্রার্থী হওয়া প্রসঙ্গে চিত্রনায়িকা বলেন, “দলীয়ভাবে নির্বাচন করতে চেয়েছিলাম। এ জন্য দুটি আসনের মনোনয়ন ফরম তুলেছিলাম। তবে দল আমাকে বিবেচনা করতে পারেনি।
“যারা বছরের পর বছর রাজনীতি করছেন; তারা মনোনয়ন পাওয়ার যোগ্য। দল যাকে যোগ্য মনে করেছে, তাকেই মনোনয়ন দিয়েছে।”
নির্বাচন প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হবে জানিয়ে মাহি বলেন, “আওয়ামী লীগের একজন কর্মী হিসেবে নির্বাচন করাটাও আমার দায়িত্ব। প্রার্থী যত হবে, কেন্দ্রে ভোটার তত আসবে।
“যেহেতু দল থেকে বাধা নেই তাই আমি প্রার্থী হচ্ছি। আশা করছি এলাকার ভোটাররা আমার সঙ্গে থাকবেন।”
এর আগে রাজশাহী-১ (তানোর-গোদাগাড়ী) ও চাঁপাইনবাবগঞ্জ-২ (নাচোল, গোমস্তাপুর, ভোলাহাট) আসন থেকে নির্বাচনে অংশ নিতে নৌকার টিকিট চেয়েছিলেন মাহি। দুই আসনের একটিতেও নৌকা প্রতীক্ষের মনোনয়নপত্র না পাওয়ায় রাজশাহী- ১ আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে ভোট করতে মাঠে নেমেছেন মাহিয়া মাহি।
















