রাজশাহীতে চিকিৎসা ছেড়ে রাস্তায় চিকিৎসকরা, ৭২ ঘণ্টার আল্টিমেট পুলিশকে
৩১ অক্টোবর ২০২৩, ০৯:০৪ পিএম
ছবি- সংগৃহীত।
শান্তির নগরীর রাজশাহীতে দুই ঘণ্টার ব্যবধানে দুই চিকিৎসকের খুন হওয়ায় হতভম্বিত রাজশাহীবাসী। রাজশাহীতে চিকিৎসক গোলাম কাজেম আলী আহমেদের হত্যাকারীদের গ্রেপ্তার করে আইনের আওতায় আনতে ৭২ ঘন্টার আল্টিমেটাম দিয়েছে চিকিৎসকরা। এ সময়ের মধ্যে খুনিদের গ্রেপ্তার করা না হলে আরো কঠোর কর্মসূচিতে যাওয়ার হুশিয়ারি দিয়েছেন ।
মঙ্গলবার সকালে মানববন্ধন থেকে এ আল্টিমেটাম দেওয়া হয়। রাজশাহী মেডিকেল এসোসিয়েশনের আয়োজনে মেডিকেল কলেজের সামনে এই মানববন্ধনের আয়োজন করা হয়। মানববন্ধনে চিকিৎসকরা ছাড়াও রাজশাহী মেডিকের কলেজ হাসপাতালের শিক্ষার্থীরাও অংশ নেন।
রাজশাহী মেডিকেল এসোসিয়েশনের সভাপতি ডা. এবি সিদ্দীকের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন, সাধারণ সম্পাদক অধ্যাপক ডা. নওশার আলী। তিনি বলেন, শান্তির নগরীর রাজশাহীতে হত্যার ঘটনা খুবই উদ্বেগজনক। আমরা যারা ডাক্তার আছি চরম আতঙ্কের মধ্যে দিয়ে দিন পার করছি। আমরা আমাদের স্বাভাবিক চিকিৎসা সেবায় মনোনিবেশ করতে পারছি না। চিকিৎসা বাদ দিয়ে রাস্তায় নামতে হচ্ছে আমাদের।
তিনি বলেন, আইন শৃঙ্খলা বাহিনী এখনো ডা. কাজেমের খুনিদের সনাক্ত করতে পারেনি। আমরা চাই আগামী ৭২ ঘন্টার মধ্যে খুনিদের সনাক্ত করে দ্রুত আইনের আওতায় এনে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে হবে। এই ডিজিটাল যুগে কেন এখনও ক্যামেরার আয়তায় কোন আসামি আনা হয় নাই। এ সময়ের মধ্যে গ্রেপ্তার না হলে ধর্মঘটসহ বৃহত্তর কর্মসূচি দেওয়ার হুশিয়ারী দেন তিনি।
গত রোববার রাতে কয়েক ঘণ্টার ব্যবধানে রাজশাহীতে দুই চিকিৎসক খুনের ঘটনা ঘটে। দু’জনকেই কুপিয়ে হত্যা করা হয়।
নিহতরা হলেন, রাজশাহী ইসলামী ব্যাংক মেডিকেল কলেজ হাসপাতালের চর্ম ও যৌন রোগ বিশেষজ্ঞ গোলাম কাজেম আলী আহমেদ ও নগরীর চন্দ্রিমা থানার কচুয়াতৈল এলাকার গ্রাম্য চিকিৎসক এরশাদ আলী দুলাল।
রাজশাহী মেডিকেল কলেজ ছাত্রশিবিরের সাবেক সভাপতি কাজেম আলীকে বাসায় ফেরার পথে বর্ণালীর মোড়ে মোটরসাইকেলের গতিরোধ করে কুপিয়ে হত্যা করা হয়। আর কৃষ্টগঞ্জ বাজারের গ্রাম্য চিকিৎসক এরশাদ আলীকে নিজের ফার্মেসি থেকে তুলে নিয়ে যাওয়ার পর তার লাশ পাওয়া যায়।
এসময় উপস্থিত ছিলেন, বিএমএ রাজশাহী শাখার সভাপতি ডা. এবি সিদ্দিকি, স্বাধীনতা চিকিৎসক পরিষদ রাজশাহীর সভাপতি ডাক্তার চিন্ময় কান্তি দাস, স্বাধীনতা চিকিৎসক পরিষদ রামেকে সভাপতি ডাক্তার খলিলুর রহমান, বিএমএ রাজশাহীর যুগ্ম সাধারণ সম্পাদক ডাক্তার আব্দুল্লাহ আল মামুনসহ অনান্য চিকিৎসক ও ছাত্ররা উপস্থিত ছিলেন।
এদিকে দুই চিকিৎসক হত্যার ঘটনায় রাজশাহীর দুই থানায় মামলা দায়ের করেছেন নিহত পরিবারের স্বজনরা। সোমবার বেলা সাড়ে ১১টার সময় চিকিৎসক কাজেম আলীর স্ত্রী ফারহানা ইয়াসমিন বাদী হয়ে আরএমপির রাজপাড়া থানায় মামলা দায়ের করেন। মামলায় অজ্ঞাত তিনজনকে আসামি করা হয়েছে।
অপরদিকে গ্রাম্য চিকিৎসক এরশাদ আলীকে অপহরণের পর হত্যার ঘটনায় তার ভাই রুহল আমিন ৭/৮ জনকে আসামী করে নগরীর চন্দ্রিমা থানায় মামলা দায়ের করা হয়েছে। তবে দুটি ঘটনা এখনো কাউকে আটক করতে পারিনি পুলিশ।
















