হাটহাজারীতে ভয়াবহ অগ্নিকান্ডে বসতঘর পুড়ে ছাই
৩০ জানুয়ারি ২০২১, ০৯:৫৫ পিএম
ছবি- প্রতিদিনের চিত্র।
চট্টগ্রামের হাটহাজারী উপজেলাতে গ্যাস সিলিন্ডার থেকে ভয়াবহ অগ্নিকান্ডে টিনসেট ৬ বসতঘর পুড়ে ছাই হয়ে গেছে। শনিবার(৩০ জানুয়ারী) দিবাগত রাত ৩টার দিকে গড়দুয়ারা ইউনিয়নের ৮নং ওয়ার্ড মুল্লুক শাহ মাস্টারের বাড়িতে ভয়াবহ এ অগ্নিকান্ড সংগঠিত হয়। এতে ৬ বসতঘরের মালামাল সম্পূর্ণ পুড়ে ভস্মিভূতসহ একটি পাকা ঘর আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে।
স্থানীয় সূত্রে জানায়, ওই দিন রাতে আবু তৈয়বের মেয়ে হুমাইরা তাহাজ্জুদ নামাজ পড়তে উঠে পানি গরম করতে গ্যাস সিলিন্ডার ব্যবহার করে। অসাবধানতা অবস্থায় সিলিন্ডার থেকে আগুন লাগতে পারে বলে এলাকাবাসী জানান। আগুনের লেলিহান শিখা দ্রুত ছড়িয়ে পড়লে শোর চিৎকার শুরু হলে এলাকার লোকজন ছুটে এসে আগুন নিয়ন্ত্রনের চেষ্টা করে। কিন্তু শুকনো মৌসুমে আগুনের তীব্রতা বেড়ে গিয়ে পাশের টিনসেট ঘরগুলোতেও লেগে যায়। খবর পেয়ে তাৎক্ষণিক ঘটনাস্থলে হাটহাজারী ফায়ার সার্ভিস এর দমকল বাহিনী প্রায় দেড় ঘন্টা চেষ্টা চালিয়ে অগ্নিনির্বাপণ নিয়ন্ত্রনে আনে।কিন্তু ততক্ষণে সবকিছু পুড়ে ছাই হয়ে গেছে। তবে এখন পর্যন্ত আবু তৈয়বের মেয়ে হুমাইরা নিখোঁজ রয়েছে। এ নিয়ে এলাকায় কানাঘোষাও চলছে।
ক্ষতিগ্রস্থ পরিবারগুলো হল,মোঃ ফারুক, আবু তৈয়ব, জসিম, হারুণ উর রশিদ, মাহমুদুল হক ও এমদাদুল্লাহ'র বসতঘর। পরনের কাপড় ছাড়া কিছুই বের করতে পারেনি তারা। খোলা আকাশের নিচে মানবেতর জীবন কাটাচ্ছে ক্ষতিগ্রস্থ পরিবারগুলো।
আরো পড়ুন: বিশ্বজুড়ে একদিনেই করোনায় শনাক্ত ৫ লাখের বেশি
ওয়ার্ড মেম্বার ওবাইদুল্লা টিপু জানান, তার নিজ বাড়িতে সংঘটিত অগ্নিকান্ডে ৬টি বসত ঘর মালামালসহ সম্পূর্ণ এবং একটি ঘরের আংশিক পুড়ে গেছে। অগ্নিকান্ডে ২০ লাখ টাকার বেশি ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন ক্ষতিগ্রস্তরা। ফায়ার সার্ভিস কর্মকর্তারা জানান, বৈদ্যুতিক বা গ্যাস সিলিন্ডার থেকে অগ্নিকান্ডের কারণ বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

































