নোয়াখালীতে অবৈধ ২ ইটভাটায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে অর্থদণ্ড
০৩ জানুয়ারি ২০২১, ০৬:০৪ পিএম
ছবি- প্রতিদিনের চিত্র।
নোয়াখালীর বেগমগঞ্জ ও সেনবাগ উপজেলায় দুই ইটভাটাকে ২ লাখ ৪০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ টিম। শনিবার (১ জানুয়ারি) বিকালে বেগমগঞ্জ উপজেলার ছমির মুন্সীর হাট এলাকা ও সেনবাগ উপজেলার ফতেহপুর এলাকায় পৃথক স্থানে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট এম সাইফুল্যাহ ও আসাদুজ্জামান রনির যৌথ নেতৃত্বে পৃথক অভিযান পরিচালনা করা হয়।
ভ্রাম্যমাণ আদালত টিম সূত্র জানায়, অভিযানের সময় বেগমগঞ্জ উপজেলার ছমির মুন্সীর হাট এলাকায় অনিবন্ধিত ইট ভাটা দিগন্ত ব্রিকস ফিল্ডকে নিষিদ্ধ এলাকায় ভাটা স্থাপনের অপরাধে এক লাখ টাকা এবং সেনবাগ উপজেলার ফতেহপুর এলাকায় মেঘনা ব্রিকস ফিল্ডকে এক লাখ চল্লিশ হাজার টাকাসহ মোট ২ লাখ ৪০ হাজার টাকা অর্থদণ্ড করা হয়। এছাড়াও পরিবেশ রক্ষায় কয়লার চুল্লির মুখে পানি দিয়ে স্প্রে করা হয়।
ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট আসাদুজ্জামান রনি জানান, বেশির ভাগই অনিবন্ধিত ভাটা এবং জেলা প্রশাসনের অনুমোদন না নিয়ে মাটি কাটার অপরাধে এ দণ্ড দেয়া হয়। সতর্কতা হিসেবে লাইসেন্স করার নির্দেশ দেয়া হয়েছে।
আরো পড়ুন: নিষেধাজ্ঞা তুলে আন্তর্জাতিক ফ্লাইট চালু করল সৌদি
ভ্রাম্যমাণ আদালত পরিচালনায় সহযোগিতা করেন, পরিবেশ অধিদপ্তর, নোয়াখালীর উপ-পরিচালক, সহকারী পরিচালক, নোয়াখালী পুলিশ প্রশাসন।

































