চাটখিলে অটোরিকশা ও হ্যান্ডট্রাক্টরে মুখোমুখি সংঘর্ষ নারীসহ নিহত ২

প্রতিদিনেরচিত্র ডেস্ক

২৩ ডিসেম্বর ২০২০, ০৭:৩৪ পিএম


চাটখিলে অটোরিকশা ও হ্যান্ডট্রাক্টরে মুখোমুখি সংঘর্ষ নারীসহ নিহত ২

ছবি- প্রতিদিনের চিত্র।

 

নোয়াখালীর চাটখিল উপজেলার রামগঞ্জ-ঢাকা আঞ্চলিক সড়কে ব্যাটারি চালিত অটোরিকশা ও ইটবাহী হ্যান্ডটাক্ট্ররের মধ্যে মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে সুলতানা আক্তার (১৯) নামের অন্তঃসত্ত্বা এক গৃহবধূ ও ইদ্রিস মিয়া (৪৫) নামের এক অটোরিকশা চালক নিহত হয়েছেন। ঘটনায় সালেহা আক্তার (৬০) নামের আরও এক নারী আহত হয়েছেন।

 

বুধবার সকাল পৌনে ১০টার দিকে ১১নং পোলের গোড়া সংলগ্ন এই দুর্ঘটনা ঘটে। নিহত সুলতানা আক্তার উপজেলার চাটখিল  পূর্ব শোশালিয়া কাঠিয়া বাড়ি এলাকার মোহাম্মদ সোহাগের স্ত্রী এবং ইদ্রিস মিয়া একই এলাকার আব্দুল আজিজের ছেলে। আহত সালেহা আক্তার একই এলাকার মনির হোসেনের স্ত্রী।

 

স্থানীয় ভাষ্যমতে জানা যায়, ৯ মাসের অন্তঃসত্ত্বা গৃহবধূ সুলতানা আক্তার কয়েকদিন আগে শ্বশুরবাড়ি থেকে বাবার বাড়ি দশঘরিয়ায় বাড়াতে  আসেন। বুধবার সকালে মা সালেহা আক্তারকে নিয়ে চাটখিল হাসপাতালের উদ্দেশ্যে একটি ব্যাটারি চালিত অটোরিকশা যোগে বাড়ি থেকে বের হন। তাদের বহনকারী অটোরিকশাটি রামগঞ্জ-ঢাকা আঞ্চলিক সড়কের ১১নং পোলের গোড়া সংলগ্ন  এলাকায় পৌঁছলে বিপরীত দিক থেকে আসা ইটবাহী একটি হ্যান্ডটাক্ট্রর রিকশাটিকে সামনে থেকে ধাক্কা দেয়। এতে রিকশাটি উল্টে সড়কের পাশে ছিটকে পড়লে রিকশায় থাকা সুলতানা ও চালক ইদ্রিস ঘটনাস্থলে নিহত হন। ঘটনায় আহত হন গৃহবধূর মা সালেহা আক্তার।

 

আরো পড়ুন: দীর্ঘ ১৮ মাস পর ওয়ানডেতে ফিরবেন সাকিব

 

চাটখিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো আনোয়ারুল ইসলাম ঘটনা নিশ্চিত করে জানান, নিহতদের লাশ উদ্ধার করা হয়েছে। চালক পালিয়ে গেলেও ঘটনাস্থল থেকে হ্যান্ডটাক্ট্ররটি আটক করা হয়েছে। আহত সালেহা আক্তারকে উদ্ধার করে নোয়াখালী জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। এই ঘটনায় প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

Ads