খাগড়াছড়িতে শেখ রাসেল স্মৃতিফুটবল টুর্নামেন্ট শুরু
২১ ডিসেম্বর ২০১৯, ০৩:২৮ পিএম
টুর্ণামেন্টের উদ্বোধন করেন খাগড়াছড়ি জেলা প্রশাসক প্রতাপ চন্দ্র বিশ্বাস
খাগড়াছড়িতে পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের অর্থায়নে ও জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে শেখ রাসেল স্মৃতি অনূর্ধ্ব-১৬ ফুটবল টুর্ণামেন্ট শুরু হয়েছে। শুক্রবার (২০ডিসেম্বর ২০১৯খ্রি:) বিকেলে খাগড়াছড়ি জেলার ঐতিহাসিক স্টেডিয়ামে টুর্ণামেন্টের উদ্বোধন করেন খাগড়াছড়ি জেলা প্রশাসক প্রতাপ চন্দ্র বিশ্বাস।

টুর্ণামেন্ট উদ্বোধন অনুষ্ঠানে খাগড়াছড়ি জেলা পুলিশ সুপার মোহাঃ আহমার উজ্জামান (পিপিএম-সেবা) এর সভাপতিত্বে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ হাবিব উল্লাহ মারুফ, জেলা ক্রীড়া সংস্থার যুগ্ম সাধারণ সম্পাদক ধুমকেতু মারমা ও খাগড়াছড়ি জেলা ফুটবল এসোসিয়েশনের সভাপতি অনুপ কুমার চাকমা বক্তব্য রাখেন। উদ্বোধনী অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন খাগড়াছড়ি জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক ও পার্বত্য জেলা পরিষদ সদস্য জুয়েল চাকমা।

এসময় বক্তারা বলেন, পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড পাহাড়ের অবকাঠামোগত উন্নয়নের পাশাপাশি ক্রীড়াঙ্গন বিকাশে অগ্রণী ভূমিকা রাখছে। তরুণ প্রজন্মকে মাদক ও অপরাধমূলক কর্মকাণ্ড থেকে বিরত রাখতে ক্রীড়া চর্চার বিকল্প নেই। খাগড়াছড়ির যুব সমাজকে কর্মঠ ও শৃঙ্খলার মধ্যে রাখতে এবং সারা বছর ক্রীড়াঙ্গন সচল রাখতে পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড চেয়ারম্যানসহ সংশ্লিষ্টদের সহযোগীতা কামনা করেন আয়োজকরা।
রবিন লীগ পদ্ধতিতে অনুষ্ঠিত টুর্ণামেন্টে জেলার ৮টি দল এতে অংশগ্রহণ করেন।

































