নিষেধাজ্ঞার পরও প্রকাশ্যে বিক্রি হচ্ছে জাটকা

প্রতিদিনেরচিত্র ডেস্ক

১৮ ডিসেম্বর ২০২১, ১০:৫২ পিএম


নিষেধাজ্ঞার পরও প্রকাশ্যে বিক্রি হচ্ছে জাটকা

ছবি- সংগৃহীত।

 

রগুনার আমতলী ও তালতলী উপজেলার বিভিন্ন মাছ বাজার ও ফেরি করে প্রশাসনের চোখের সামনে প্রকাশ্যে বিক্রি হচ্ছে জাটকা ইলিশ মাছ। ১০ ইঞ্চি বা ২৫ সেন্টিমিটার আকারের জাটকা ধরা নিষিদ্ধ থাকলেও প্রশাসন ও মৎস্য বিভাগের নিয়মিত অভিযান এবং তদারকি না থাকায় প্রকাশ্যে বাজারে জাটকা ইলিশ বিক্রি হতে দেখা গেছে। জাটকা ইলিশ বিক্রি বন্ধে তাদের কোনো পদক্ষেপ চোখে পড়ছে না।

 

আজ শনিবার সকালে আমতলী নতুন বাজার (বাঁধঘাট) প্রধান মাছ বাজারে জাটকা ইলিশ বিক্রি করতে দেখা গেছে অনেক মাছ ব্যবসায়ীকে। এর মধ্যে নাম প্রকাশে অনিচ্ছুক এক মাছ ব্যবসায়ী জানায়, বঙ্গোপসাগরের কুয়াকাটা, কলাপাড়ার মহিপুর, বাইশদা, মৌডুবী, তালতলীর বগী, পঁচাকোড়ালিয়া এবং আমতলীর বৈঠাকাটা, গুলিশাখালী এলাকা থেকে এই বাজারে জাটকা ইলিশ মাছ আসে। অনেকেই জাটকা ইলিশ মাছ বিক্রি করে তাই আমিও করি। অভিযানের সংবাদ পেলে লুকিয়ে রেখে তা গোপনে বিক্রি করি। অনেকদিন হয়েছে বাজারে কোনো অভিযান চালাতে দেখিনি।

 

সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে নদীতে কারেন্ট জাল দিয়ে অনেক অসাধু জেলে জাটকা ইলিশ শিকার করছেন। যে কারণে আগামী দিনগুলোতে স্থানীয় নদ- নদীগুলো ইলিশ শূন্য হতে পারে। এতে করে স্থানীয় জেলেদের যেমন ক্ষতি হবে তেমনি করে দেশ হারাবে ইলিশ সম্পদ। তাই এখনি প্রশাসন ও মৎস্য বিভাগের পক্ষ থেকে জাটকা ইলিশ শিকার ও বিক্রি বন্ধে কার্যকরী পদক্ষেপ নিতে হবে।

 

বরগুনা জেলা মৎস্য কর্মকর্তা বিশ্বজিৎ কুমার দেব বলেন, সাগর ও নদীতে ছোট ইলিশ ধরা এবং বিক্রি করা বন্ধ করতে সরকার নানাবিধ কর্মসূচি হাতে নিয়েছে। সকল প্রকার কারেন্ট জালের ব্যবহার নিষিদ্ধ করা হয়েছে। অসাধু জাটকা ইলিশ ব্যবসায়ী এবং শিকারি জেলেদের শনাক্তপূর্বক তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

Ads