দ্বিতীয় সেমিফাইনালে যেমন থাকবে বার্মিংহামের আবহাওয়া
১১ জুলাই ২০১৯, ০৫:২৭ পিএম
গতকাল রির্জাভ ডেতে প্রথম সেমিফাইনালে ভারতকে হারিয়ে ফাইনাল নিশ্চিত করে নিউজিল্যান্ড। প্রথম দিন বৃষ্টির কারণে স্থগিত থাকে ভারত ও নিউজিল্যান্ডের প্রথম সেমিফাইনাল। রির্জাভ ডেতেও বৃষ্টির আশঙ্কা ছিল। কিন্তু শেষ পর্যন্ত ম্যানচেস্টারের ওল্ড ট্রাফোর্ডে ম্যাচ শেষ করতে বাঁধা হয়ে দাঁড়ায়নি আবহাওয়া। আজ বৃহস্পতিবার বিশ্বকাপের দ্বিতীয় সেমিফাইনালে অস্ট্রেলিয়ার মুখোমুখি হচ্ছে স্বাগতিক ইংল্যান্ড।
এবারের বিশ্বকাপে ইংল্যান্ডের শুরুটা হয় দারুণ। কিন্তু গ্রুপপর্বের মধ্যভাগে তাদের খেলা দুর্বল হওয়ার কারণে একাধিক ম্যাচ হেরে একটা সময় ইংল্যান্ডের সেমিতে খেলাই অনিশ্চিত হয়ে পড়ে। আবার শেষ দিকে ভাল পারফর্মেন্স করে ভারতকে হারিয়ে সেমিফাইনালের পথে ফিরে স্বাগতিকরা। এরপর গ্রুপ পর্বে নিজেদের শেষ ম্যাচে নিউজিল্যান্ডকে হারিয়ে সেমিফাইনাল নিশ্চিত করে ইংল্যান্ড।
অন্যদিকে অস্ট্রেলিয়া দাপটের সঙ্গেই গ্রুপ পর্ব খেলে সেমিফাইনালের প্রথম দল হিসাবে নিজেদের অবস্থান নিশ্চিত করে।
বিশ্বকাপের ১২তম আসরের শুরুতেই ছিল বৈরি আবহাওয়ার বাগড়া। গ্রুপ পর্বের একাধিক ম্যাচ বৃষ্টির কারণে পরিত্যক্ত হয়ে যায়। এমনকি প্রথম সেমিফাইনালেও বাগড়া দেয় বৃষ্টি। তাই প্রথম সেমিফাইনাল ম্যাচ রিজার্ভ ডেতে চলে যায়।
দ্বিতীয় সেমিফাইনাল অস্ট্রেলিয়া ও ইংল্যান্ড ম্যাচের ভাগ্যেও জমেছে কালো মেঘ। অ্যাকুওয়েদারের আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী টসের সময় এজবাস্টনে আকাশ মেঘলা থাকবে। বাংলাদেশ সময় বিকেল ৩টায় ম্যাচের টস হবে। তখন বৃষ্টি হওয়ার কোন আশঙ্কা নেই। তবে বিকালের পর থেকে আকাশে কালো মেঘের আনাগোনা বাড়বে। বাংলাদেশ সময় সন্ধ্যা ৬টা থেকে রাত ১২টা পর্যন্ত আকাশ খুবই মেঘলা থাকবে। তবে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে ৫ শতাংশ।
তবে বাংলাদেশ সময় রাত ১২টার পর থেকে বার্মিংহামে বৃষ্টির সম্ভাবনা বাড়বে। ওই সময় বৃষ্টিপাতের সম্ভাবনা ৪৬ শতাংশ পর্যন্ত।
আশা করা হচ্ছে, এজবাস্টনের আকাশ মেঘলা থাকলেও আজকের ম্যাচটি রিজার্ভ ডে-তে যাওয়ার আশঙ্কা নেই।

































