রাঙ্গামাটিতে ক্ষতিগ্রস্থ এলাকায় অনুমতি ছাড়া বাড়ি নির্মাণ করা যাবে না
২০ জুন ২০১৭, ০৩:৪৬ পিএম
রাঙ্গামাটির পাহাড়ধসের ঘটনায় ভেদেভেদী এলাকায় ১৩ জুন থেকে নিখোঁজ তিনজনকে মৃত ঘোষণা করে নিহতের সংখ্যা ১১৮ জন বলে জানিয়েছেন রাঙ্গামাটি জেলা প্রশাসক মোহাম্মদ মানজারুল মান্নান।
সোমবার সন্ধ্যায় রাঙ্গামাটি জেলা প্রশাসনের সন্মেলন কক্ষে নিয়মিত প্রেস ব্রিফিংয়ে তিনি এ তথ্য জানান।
তিনি বলেন, নিখোঁজ তিনজনের মধ্যে দু’জন পুরুষ ও একজন মহিলা। তারা হলেন- সালাউদ্দিন, দরবেশ মিয়া ও রায়মা বেগম।
এছাড়া আরো এক শিশু ও এক মহিলা নিখোঁজের তালিকায় রয়েছে বলে তিনি জানান।
মানজারুল মান্নান বলেন, রাঙ্গামাটির ১৯টি আশ্রয়কেন্দ্রে লোকদের খাবার, ওষুধ ও কাপড় চোপড় সরবরাহ অব্যাহত রয়েছে। আগামী ২০-২৫ দিন তাদের আশ্রয়কেন্দ্রে থাকতে হতে পারে। তিনি আশ্রয়কেন্দ্রের লোকজন যাতে স্বাস্থ্য ঝুঁকিতে না পরে সেজন্য সব ধরনের চেষ্টা চলছে বলে উল্লেখ করেন।
তিনি জানান, ইতোমধ্যে পর্যাপ্ত পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট ও খাবার স্যালাইন মজুদ করা হয়েছে।
এদিকে রাঙ্গামাটির যেসব এলাকায় পাহাড়ধসে বাড়ি-ঘর ক্ষতিগ্রস্থ ও মানুষের প্রাণহানী ঘটেছে সেসব স্থানে জেলা ম্যাজিস্ট্রেটের অনুমতি ছাড়া কেউ বাড়ি-ঘর নির্মাণ করতে পারবে না বলে সিদ্ধান্ত নেয়া হয়েছে।
জেলা প্রশাসক বলেন, এ সংক্রান্ত আদেশ ইতোমধ্যে জারি করা হয়েছে। জনসাধারণের অবগতির জন্য শহরে মাইকিং করা হয়েছে।
নতুন করে আর যাতে কোনো প্রাণহানী না ঘটে সেজন্য এ সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে তিনি উল্লেখ করেন।
জেলা প্রশাসক মানজারুল মান্নান বলেন, রাঙ্গামাটির এতোবড় বিপর্যয় কাটিয়ে ধীরে ধীরে স্বাভাবিক হতে শুরু করেছে।
সবাইকে দুর্গতদের পাশে দাঁড়ানোর আহবান জানিয়ে তিনি বলেন, ঈদের দিনে ঈদ জামাত শেষে সবাই আশ্রয়কেন্দ্রের লোকদের সাথে ঈদের খাবার গ্রহণ করবেন।






























