পার্বত্য জেলা পরিষদকে ‘বিএনপি পরিষদ’ বানানোর অভিযোগ সারজিসের
২৬ আগস্ট ২০২৬, ০৯:২৪ এএম
পার্বত্য চট্টগ্রামের তিন জেলা পরিষদকে দলীয়করণের অভিযোগ তুলে কঠোর সমালোচনা করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় মুখ্য সংগঠক সারজিস আলম। তিনি অভিযোগ করেন, পার্বত্য চট্টগ্রামের তিন জেলা পরিষদে বিএনপির লোকজনকে দিয়ে পরিষদ গঠন করা হয়েছে। এ কারণে এগুলোকে পার্বত্য জেলা পরিষদ না বলে ‘বিএনপি জেলা পরিষদ’ বলা যেতে পারে।
মঙ্গলবার (২৫ আগস্ট) বিকেলে খাগড়াছড়ি শহরের অরুণিমা কমিউনিটি সেন্টারে এনসিপির সাংগঠনিক সমন্বয় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সারজিস আলম বলেন, ‘পার্বত্য চট্টগ্রামের তিনটি জেলার জেলা পরিষদে শুধুমাত্র বিএনপির লোকজনকে দিয়ে জেলা পরিষদ গঠন করা হয়েছে। এটাকে পার্বত্য চট্টগ্রাম জেলা পরিষদ না বলে বিএনপি জেলা পরিষদ বলা যেতে পারে।’
জেলা পরিষদের সদস্য নিয়োগের প্রক্রিয়া নিয়েও প্রশ্ন তোলেন তিনি। সারজিস বলেন, ‘পার্বত্য জেলা পরিষদের যারা নিয়োগ পেয়েছেন, তারা কোটি কোটি টাকা দিয়ে নিয়োগ পেয়েছেন।’ স্থানীয় মানুষের অভিযোগের প্রসঙ্গ তুলে তিনি বলেন, টাকার বিনিময়ে জেলা পরিষদের সদস্য পদে অনেকেই নিয়োগ পেয়েছেন বলে স্থানীয়ভাবে আলোচনা রয়েছে।

তিনি বলেন, ‘অন্যায়কে অন্যায় বলতে হবে।’ জেলা পরিষদের নিয়োগ ও পরিচালনা প্রক্রিয়ায় অনিয়মের অভিযোগ থাকলে তার জবাবদিহি নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন তিনি।
বিএনপির দলীয়করণের রাজনীতির সমালোচনা করে সারজিস আলম বলেন, ‘বিএনপির দলীয়করণের এই রাজনীতির ধিক্কার ও প্রতিবাদ জানাই।’
পার্বত্য চট্টগ্রামের মানুষের কল্যাণে প্রয়োজনীয় নীতিগত পরিবর্তনেরও দাবি জানান তিনি। সারজিস বলেন, ‘যে পলিসি এ খাগড়াছড়ির মানুষের মঙ্গল ও ভালো হয়, সেই পলিসি পরিবর্তন করতে হবে।’
জাতিগত বৈচিত্র্য প্রসঙ্গে তিনি বলেন, ‘আমাদের বৈচিত্র্য থাকবে, বৈচিত্র্য মানে আলাদা নয়। প্রত্যেক জাতিগোষ্ঠীর আলাদা আলাদা হিসেবে স্বীকৃতি থাকবে।’
এ সময় পার্বত্য চট্টগ্রামের রাজনীতিতে ঐক্য ও বৈচিত্র্যরে গুরুত্ব তুলে ধরে সারজিস আলম বলেন, ‘ঐক্য, কিন্তু একরূপতা নয়; বৈচিত্র্য, কিন্তু বিভাজন নয়; অধিকার, কিন্তু বৈরিতা নয়।’
খাগড়াছড়ি জেলা এনসিপির আহ্বায়ক নূর আলম সিদ্দিকীর সভাপতিত্বে সভায় বক্তব্য দেন এনসিপির কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক আলী আহসান জুনায়েদ ও সারোয়ার তুষার, চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক এস এম সুজাউদ্দীনসহ জেলা ও অঙ্গসংগঠনের নেতারা।
জেলা এনসিপির সাংগঠনিক সম্পাদক শাহ নেওয়াজের সঞ্চালনায় সভায় স্বাগত বক্তব্য দেন জাতীয় নারী শক্তির সাংগঠনিক সম্পাদক আকলিমা আক্তার।


























