দেশে দ্রুত গণতন্ত্র ফেরাতে চায় বিএনপি- মঈন খান

নিজস্ব প্রতিবেদক

১৭ মে ২০২৫, ০১:৪০ পিএম


দেশে দ্রুত গণতন্ত্র ফেরাতে চায় বিএনপি- মঈন খান

 

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) দেশে যত দ্রুত সম্ভব গণতন্ত্র ফেরাতে চায় বলে মন্তব্য করেছেন দলটির স্থায়ী কমিটির সদস্য ড. আবদুল মঈন খান। তিনি বলেন, সেটি ফেরাতে একমাত্র পদ্ধতি রয়েছে সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন।

আজ শনিবার (১৭ মে) জাতীয়তাবাদী বাউল দলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মাজারে পুষ্পস্তবক অর্পণ শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে ড. আবদুল মঈন খান এ কথা বলেন।

তিনি বলেন, ‘গণতন্ত্র ব্যতিরেকে পৃথিবীর কোনো জাতি মাথা তুলে দাঁড়াতে পারেনি। একদলীয় শাসনে ক্ষমতা দেখানো যায়, কিন্তু মানুষের ভালোবাসা পাওয়া যায় না। সে কারণে বিএনপি কখনো প্রতিহিংসার রাজনীতিতে বিশ্বাস করে না।’

তিনি বলেন, ‘বিএনপি বাংলাদেশের সকলের স্বাধীনতা, মানুষের কথা বলা ও মিডিয়ারও স্বাধীনতা চায়। এদেশ সৃষ্টি হয়েছিল গণতন্তের জন্য।’

তিনি আরও বলেন, ‘জিয়াউর রহমান বিদেশ সফরের সময় বেছে বেছে গ্রামের শিল্পীদের সহযোগী হিসেবে নিতেন। জিয়াউর রহমান জাতীয়তাবাদের ভিত্তিতে বাংলাদেশকে নতুনভাবে গড়ে তুলতে চেয়েছিলেন। জিয়াউর রহমান বাংলাদেশের গণতন্ত্রের জীবন দিয়েছেন। এই গণতন্ত্রকে বাংলাদেশের ফিরিয়ে আনতে হবে।’

এ সময় জাতীয়তাবাদী বাউল দলের সভাপতি রফিকুল ইসলাম তুহিন, সহ-সভাপতি আব্দুর রহমান হাওলাদার, সাধারণ সম্পাদক ফরিদুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক মো: মিলন চৌধুরী প্রমুখ উপস্থিত ছিলেন।
 

Ads