শেরপুরে আওয়ামী লীগের সম্মেলন আজ

প্রতিদিনেরচিত্র ডেস্ক

০৮ ডিসেম্বর ২০২২, ০৪:৫৩ পিএম


শেরপুরে আওয়ামী লীগের সম্মেলন আজ

শেরপুর জেলা আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলন। ছবি- প্রতিদিনেরচিত্র বিডি

 

দীর্ঘ সাড়ে সাত বছর পর  আজ বৃহস্পতিবার (০৮ ডিসেম্বর) অনুষ্ঠিত হতে যাচ্ছে শেরপুর জেলা আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলন। শেরপুর শহীদ দারোগ আলী পৌরপার্ক মাঠে বেলা ১১ টায় সম্মেলন শুরু হবে। এই সম্মেলনকে  ঘিরে জেলা শহরজুড়ে নেতাকর্মীদের মধ্যে ঈদের মত আনন্দ বিরাজ করছে।

 

প্রায় এক সপ্তাহ ধরে কাজ চালিয়ে সম্মেলনের কেন্দ্রীয় নেতাকর্মীদের জন্য ১২০ ফুট দৈর্ঘ্যের ও ৬০ ফুট প্রস্থের সম্মেলন-মঞ্চ তৈরির কাজ শেষ হয়েছে বুধবার। মঞ্চ তৈরিতে কাজ করেছেন প্রায় অর্ধশত শ্রমিক। এই মঞ্চে একইসাথে দুইশ অতিথি বসতে পারবে। মঞ্চের উপরে বিশালাকৃতির একটি প্যানা টানানো হয়েছে। যেখানে বঙ্গবন্ধু এবং দলীয় সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি রয়েছে। সম্মেলন স্থলের আশপাশে বিভিন্ন রঙ্গের প্যানা ফেস্টুনে ছেয়ে গেছে। এতে সম্মলনের বাড়তি সৌন্দর্য বৃদ্ধি পেয়েছে। 

 

দলীয় সূত্রে জানা গেছে, সম্মেলন উদ্বোধন করবেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও সাবেক কৃষিমন্ত্রী বেগম মতিয়া চৌধুরীর উপস্থিত থাকার কথা রয়েছে। সম্মেলনে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের ভিডিও কনফারেন্সে প্রধান অতিথির বক্তব্য রাখবেন। তবে দলের যুগ্ম সাধারণ সম্পাদক ও শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি প্রধান বক্তা হিসেবে উপস্থিত থাকার কথা থাকলেও তিনি উপস্থিত থাকতে পারবেননা বলে দলের একাধিক সূত্রে জানাগেছে।

 

এছাড়া বিশেষ অতিথি থাকবেন দলের প্রেসিডিয়াম সদস্য জাহাঙ্গীর কবির নানক, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মির্জা আজম ও শফিউল আলম চৌধুরী নাদেল, সংস্কৃতিবিষয়ক সম্পাদক অসীম কুমার উকিল, সদস্য মারুফা আক্তার পপি ও রেমন্ড আরেং। এতে সভাপতিত্ব করবেন জেলা আওয়ামী লীগের সভাপতি ও জাতীয় সংসদের হুইপ আতিউর রহমান আতিক। সম্মেলন সঞ্চালনা করবেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক চন্দন কুমার পাল।

 

ইতিমধ্যে সভাস্থলে আসন বিন্যাস সম্পন্ন করা হয়েছে। সম্মেলনে আগত নেতাকর্মীদের জন্য অন্তত ত্রিশ হাজার প্যাকেট খাবার রান্নার কাজও রাত থেকে শুরু হয়েছে। সবকিছু মিলে সম্মেলনের সকল কাজ সম্পন্ন করা হয়েছে।

 

আওয়ামীলীগ নেতা ও ক্রীড়া সংগঠক মানিক দত্ত বলেন, আমরা রাতদিন পরিশ্রম করে প্যান্ডেলের কাজ সম্পন্ন করেছি। দলের প্রতিটি নেতাকর্মী তাদের ওপর অর্পিত দায়িত্ব পালন করছেন। সবকিছু তদারকি করছেন আমাদের নেতা জাতীয় সংসদের হুইপ আলহাজ্ব মো: আতিউর রহমান আতিক।

 

জেলা আওয়ামীলীগের তথ্য ও গভেষনা সম্পাদক এডভোকেট রফিকুল ইসলাম আধার বলেন, আমাদের দলের নেতাদের নির্দেশে আমরা সবাই সম্মলনকে সফলভাবে সম্পন্ন করতে কাজ করে যাচ্ছি। নেতাকর্মীরা ঐক্যবদ্ধভাবে কাজ করছি। সম্মেলনের মাধ্যমে আমাদের ঐক্য আরো সুদৃঢ় হবে।

 

জেলা আওয়ামী লীগের সভাপতি জাতীয় সংসদের হুইপ আলহাজ্ব মো: আতিউর রহমান আতিক বলেন, আমাদের সকল প্রস্ততি সম্পন্ন হয়েছে। এখন সম্মেলন অনুষ্ঠান শুরুর পালা। আশাকরি সুন্দরভাবেই আমাদের এ সম্মেলন সম্পন্ন হবে।   

 

শেরপুরের পুলিশ সুপার মো. কামরুজ্জামান বলেন, ইতিমধ্যেই সম্মেলন স্থলে সার্বক্ষনিক পুলিশ পাহাড়া রয়েছে। বাড়ানো হয়েছে নজরদারী। সম্মেলনে যাতে কোনো ধরনের সমস্যা না হয়, সেদিক বিবেচনা করে আমরা কাজ করছি।

Ads