গরমে ত্বক ভালো রাখতে যা করবেন
০১ মে ২০২৪, ০৮:৪৯ পিএম
ছবি- সংগৃহীত।
দীর্ঘদিন ধরে টানা তীব্র তাপপ্রবাহ আমাদের দেশে এর আগে কখনো হয়নি। জনজীবন এতটা অস্বস্তিতেও পড়েনি। অতিরিক্ত তাপে সবচেয়ে বেশি আক্রান্ত হয়ে পড়ছে আমাদের ত্বক। পুড়ে বিবর্ণ ও রুক্ষ হয়ে পড়ছে। ত্বকে দেখা দিচ্ছে নানা ধরনের সমস্যা। ত্বক হয়ে পড়ছে শুষ্ক; পানিশূন্যতাও দেখা দিচ্ছে। এ থেকে রক্ষা পেতে আমাদের পর্যাপ্ত পানি পান করতে হবে। পাশাপাশি প্রচুর জলীয় অংশ আছে- এমন ফলমূল, ফলের রস, ডাব খেতে হবে। এই সময় গুরুপাক জাতীয় খাবার, ভাজাপোড়া থেকে বিরত থাকতে হবে। কারণ এতে শরীর আরও বেশি পানিশূন্য হয়ে পড়ে। তৈলাক্ত খাবার না খেয়ে বরং ত্বক সতেজ রাখতে সিদ্ধ খাবার, ভিটামিন-এ ও ই-সমৃদ্ধ খাবার, যেমন- গাজর, টমেটো, ব্রকলি খেতে পারেন।
গরমে শরীরে কিছু সমস্যা হতে পারে। অতিরিক্ত ঘামে ঘামাচি, সামার বয়েল বা ফোড়ার মতো চর্মরোগ হতে পারে। এ ক্ষেত্রে পাউডার ব্যবহার করা হয়। শরীর শুষ্ক রাখতে ওলেন্টিয়ন কম্পোজিশন, কিউটি কুরা নামে বিভিন্ন ধরনের পাউডার পাওয়া যায়। ব্যবহার করতে পারেন।
গরমকালে সুতি জামা-কাপড় পরা উচিত। খুব প্রয়োজন ছাড়া ত্বকের ছিদ্রগুলো ব্লক হয় এমন কাজ করবেন না। সুতরাং বেশি প্রসাধনী ব্যবহার না করাই ভালো। অতিরিক্ত মেকআপে মুখে ব্রণসহ নানা সমস্যা বাড়তে পারে। এ সময় নারীরা বেশি ভোগেন মেছতা সমস্যায়। গরমে এর প্রভাব আরও বাড়ে। অনেকে এর প্রতিকারে নানা ক্রিম ব্যবহার করেন। তবে ক্রিম ব্যবহারে ভালো লাগলেও এগুলো ক্ষতিকর। মেছতা থাকুক বা না থাকুক, ত্বকের যত্নে অবশ্যই সানব্লক ব্যবহার করা উচিত। এ ক্ষেত্রে ফিজিক্যাল ও কেমিক্যাল সানব্লক ব্যবহার করা যেতে পারে। পানিশূন্য ত্বকে নিয়মিত কাঠবাদাম বাটা, ঠাণ্ডা দুধ ও গোলাপজল দিয়ে তৈরি ফেসপ্যাক ব্যবহার করুন। এটি শুষ্ক পানিশূন্য ত্বকের জন্য খুবই উপকারী।
ত্বক শুষ্ক হলে নিয়মিত ময়েশ্চারাইজিং ক্রিম বা লোশন ব্যবহার করতে পারেন। এতে শুষ্কতা রোধের পাশাপাশি ত্বক সজীব হবে। পানিশূন্যতায় দিনে অনেকের ঠোঁট ফাটে। তারা রাতে ঘুমানোর আগে ঠোঁটে ভ্যাসলিন বা পেট্রোলিয়াম জেলি লাগাতে পারেন। দিনে চার-পাঁচবার মুখ ধুতে পারেন। তবে অবশ্যই পর্যাপ্ত ঘুম দরকার। নয়তো ত্বক আরও বিবর্ণ দেখাবে।
চিকিৎসা : মূল চিকিৎসা হলো গরম আবহাওয়ার পরিবর্তন ঘটিয়ে ঠাণ্ডা পরিবেশে যেতে হবে। আর যদি এসির ব্যবস্থা সম্ভব না হয়, তাহলে সার্বক্ষণিক ফ্যানের নিচে থাকতে হবে, যেন ত্বকের সংস্পর্শে বাতাস খেলতে পারে। এছাড়া হাইড্রোকটির্সোন ১ ভাগ ব্যবহার করলে ত্বকের চুলকানি কমে যায়। Anthical Lotion অথবা Calamine Lotion লাগিয়ে ভালো ফল পাওয়া যায় এবং এর সঙ্গে Antihistaminও ব্যবহার করা যায়। তবে চিকিৎসকের পরামর্শ নিয়ে ব্যবহার করলে ভালো।
























