সিত্রাং তান্ডবে ফরিদপুরে রোপা আমনসহ পাঁচ সহস্রাধিক হেক্টর কৃষি জমি ক্ষতিগ্রস্থ
২৬ অক্টোবর ২০২২, ০৮:৫১ পিএম
ছবি- প্রতিদিনেরচিত্র বিডি।
ফরিদপুরের নয় উপজেলার ওপর দিয়ে সিত্রাংয়ের প্রভাবে বয়ে যাওয়া ঝড়ো হাওয়া ও বৃষ্টিপাতের কারণে ধান উৎপাদনে অন্যতম অবস্থানে থাকা জেলার পাঁচ হাজার দুইশ ৯৭ হেক্টর ফসলী জমি আক্রান্ত ও ক্ষতিগ্রস্থ হয়েছে।
ফরিদপুর জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তথ্য থেকে জানা যায়, এবছর জেলায় ৭৪ হাজার দুইশ ৮২ হেক্টর জমিতে রোপা আমনের আবাদ হয়েছে। যার মধ্যে চার হাজার পাঁচশ ৩০ হেক্টর জমির ধান সাত্রাংয়ের প্রভাবে আত্রান্ত হয়েছে।
এছাড়া ডাল জাতীয় ফসলের তিনশ ৬৫ হেক্টর জমি, রবি শস্যের দুইশ ৫৭ হেক্টর জমি, মুড়ি কাটা পেয়াজের ২৫ হেক্টর জমি, ভুট্রার ২০ হেক্টর জমি, সরিষার ২৯ হেক্টর জমি, কলার ৬৯ হেক্টর জমি ও আখের দুই হেক্টর জমি আক্রান্ত হয়েছে বলে প্রাথমিকভাবে নিরুপন করা হয়েছে। তবে, কৃষি কর্মকর্তাদের দাবী আক্রান্তের পর রোদ হওয়ায় এবং জমি থেকে দ্রুত পানি নেমে যাওয়ায় ক্ষতির পরিমান অনেক কম হবে।
ফরিদপুর জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ পরিচালক কৃষিবিদ মো. জিয়াউল হক জানান, এরই মধ্যে কৃষকদের হেলে পড়া ধানসহ ৮০ ভাগ পরিপক্ক হওয়া ধান কেটে ঘরে তোলার পরামর্শ দেয়া হয়েছে। ক্ষতি পোষাতে কৃষকদের সরিষাসহ শাক সবজী চাষাবাদের পরামর্শ ও তাদের প্রনোদনা কর্মসূচীর আওতায় আনা হবে। সিত্রাংয়ে আক্রান্তের তুলনায় ক্ষতি অনেক কম হবে বলে জানান তিনি।


































