উত্তপ্ত নারায়ণগঞ্জ সিটি নির্বাচনের মাঠ

প্রতিদিনেরচিত্র ডেস্ক

১০ জানুয়ারি ২০২২, ০৮:৩৬ পিএম


উত্তপ্ত নারায়ণগঞ্জ সিটি নির্বাচনের মাঠ

ছবি- সংগৃহীত।

 
নির্বাচনের দিন যত ঘনিয়ে আসছে প্রচারণা ততই তুঙ্গে। ৫ দিন পরেই নগরে নির্বাচন তাই উৎসবের মাত্রা যেন একটু বেশিই। পাল্টাপাল্টি অভিযোগে উত্তপ্ত নারায়ণগঞ্জ সিটি করপোরেশন (নাসিক) নির্বাচনের মাঠ।

 

সোমবার (১০ জানুয়ারি) সকালে বন্দরের ২১ নম্বর ওয়ার্ডে নির্বাচনী প্রচারণা শুরু করেন নৌকার মেয়র প্রার্থী সেলিনা হায়াৎ আইভী। এ সময় তিনি বলেন, স্বতন্ত্র প্রার্থী তৈমূর আলম খন্দকার গডফাদারের পৃষ্ঠপোষকতায় নির্বাচনে নেমেছেন।

 

শামীম ওসমান কার পক্ষে কাজ করবেন, কাকে সমর্থন দেবেন তা নিয়ে চিন্তিত নয় জানিয়ে সেলিনা হায়াৎ আইভী বলেছেন, তৈমূর তোতাপাখির মতো শামীম ওসমানের শেখানো বুলি আওড়াচ্ছেন। এদিকে, নারায়ণগঞ্জকে সিন্ডকেট করে কারা গডফাদার হয়ে উঠেছে তা সবাই জানে মন্তব্য করে তৈমূর আলম খন্দকার বলেছেন, আইভী মনগড়া কথা বলছেন।

 

আইভী বলেন, তিনি তো গডফাডারের কোলে গিয়ে বসে আছেন। তিনি যে আমাকে গডমাদার বলেছেন, তা খারাপ কাজ করেছেন। কারণ তাকে আমি এখনও এ কথা বলিনি। তিনি তাদের কাছে আশ্রয় নিয়েছেন, সেটাই বলেছি।

 

এর আগে স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে নারায়ণগঞ্জের ২নং রেলগেট এলাকায় আওয়ামী লীগ অফিসে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানিয়ে আইভী বলেন, তৈমূর শামীম ওসমানের শেখানো কথাই বলেন। শামীম ওসমান কার পক্ষে কাজ করবেন তা নিয়ে তিনি চিন্তিত নন।

 

তিনি আরও বলেন, বিগত দেড় দুই বছর ধরে শামীম ওসমান আমার বিরুদ্ধে এই গ্রাউন্ড তৈরি করেছেন। শামীম ওসমান যে কথাগুলো বলেছেন, কাল উনি (তৈমূর) তোতাপাখির মতো সেই কথাগুলো উচ্চারণ করেছেন। উনি কিসের পক্ষে প্রচার করবেন, তা আমি জানি না। আমার জানার প্রয়োজনও নেই। দলের সিদ্ধান্তের বাইরে তিনি কেন গিয়েছেন, তা আমি জানি না।

 

এদিকে বন্দরের মদনপুর এলাকায় প্রচারণা চালাতে গিয়ে তৈমূর আলম বলেন, আইভী যা বলছেন তা মনগড়া। গডফাদার আর গডমাদার সম্পর্কে সবাই জানে বলেও তিনি মন্তব্য করেন।

 

তৈমূর বলেন, আইভী যে কথাটা বলেছেন, এতে তার দলে যে বিরাট বিভাজন, তা জনগণের কাছে স্পষ্ট। তারাই তো তাদের লোকদের বিরুদ্ধে পরস্পর যুদ্ধ করছেন। আর আমি তো সবাইকে সঙ্গে নিয়ে মাঠে নেমেছি।

 

নগরবাসী বলছেন, দেশের উন্নয়ন চাই। টেকসই উন্নয়ন চাই। নিরপেক্ষ নেতা চাই। নিরপেক্ষ নির্বাচন চাই। শান্তিপূর্ণভাবে যেন ভোট হয়, সেটা চাই।

 

 

Ads