গোবিন্দগঞ্জে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় নিহত ১, আহত ১

নিজস্ব প্রতিবেদক

২৪ মার্চ ২০২৫, ১২:১৯ পিএম


গোবিন্দগঞ্জে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় নিহত ১, আহত ১

 

গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় ঢাকা-দিনাজপুর আঞ্চলিক মহাসড়কের খলসী এলাকায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন এক ব্যক্তি, আহত হয়েছেন আরও একজন। রবিবার (২৩ মার্চ) রাত আনুমানিক সাড়ে ৯টার দিকে গোবিন্দগঞ্জ পৌরসভার খলসী ভাঙা ব্রিজ সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, দিনাজপুর থেকে ঢাকা অভিমুখে যাওয়া একটি মালবোঝাই ট্রাকের ইঞ্জিনে হঠাৎ সমস্যা দেখা দেয়। চালক বাধ্য হয়ে ট্রাকটি সড়কের পাশে দাঁড় করিয়ে ইঞ্জিন মেরামতের কাজ শুরু করেন। এ সময় ঘোড়াঘাট থেকে আসা আরেকটি দ্রুতগতির ট্রাক দাঁড়িয়ে থাকা ট্রাকটিকে সজোরে ধাক্কা দেয়। সংঘর্ষের ফলে দুটি ট্রাকই রাস্তার পাশের খাদে পড়ে যায়, এতে আলুবাহী ট্রাকের সহকারী (হেল্পার) হাসান আলী (৩০) ঘটনাস্থলেই মারা যান। গুরুতর আহত হন ট্রাকের চালক, যাকে উদ্ধার করে গোবিন্দগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়েছে।

নিহত হাসান আলী গোবিন্দগঞ্জ উপজেলার তালুককানুপুর ইউনিয়নের রাঘবপুর গ্রামের বাসিন্দা। তিনি মমদেল হোসেনের ছেলে। দুর্ঘটনার পর অপর ট্রাকের চালক ঘটনাস্থল থেকে পালিয়ে যান, তবে তার ট্রাকটি ঘটনাস্থলেই রয়েছে।

গোবিন্দগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাফফর হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, “আমরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করেছি এবং থানায় নিয়ে এসেছি। নিহতের পরিবারকে খবর দেওয়া হয়েছে। দুর্ঘটনাকবলিত ট্রাক দুটি সরানোর প্রক্রিয়া চলছে। পাশাপাশি পলাতক চালককে গ্রেপ্তারের চেষ্টা চলছে।”

 

Ads