কালীগঞ্জে রাতের আঁধারে সারের ট্রাক আটক

মোসলেম উদ্দিন রনি

০৯ ডিসেম্বর ২০২৪, ০২:২০ পিএম


কালীগঞ্জে রাতের আঁধারে সারের ট্রাক আটক

 

লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলায় বাংলাদেশ কৃষি উন্নয়ন করপোরেশনের (বিএডিসির) বরাদ্দকৃত সার কম থাকায় সারভর্তি দুটি ট্রাক আটক করেছে এলাকাবাসী। রবিবার (৮ ডিসেম্বর) রাত ১০টার দিকে কালীগঞ্জ উপজেলার চলবলা ইউনিয়নের সুকানদিঘী বাজারে এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানায়,কালীগঞ্জ উপজেলার চলবলা ইউনিয়নের জন্য বরাদ্দকৃত ডিএপি ৩০২ বস্তা টিএসপি ১১১ বস্তা সারের মধ্যে কিছু সার অতিরিক্ত দামে বিক্রির উদ্দেশ্যে বিসিআইসি ডিলার আজিজুল ইসলাম কাকিনা ইউনিয়নের কাকিনা বাজার এলাকায় নামিয়ে রাখেন। বিষয়টি স্থানীয়রা টের পেয়ে রংপুর ১১-০২০৩,কুষ্টিয়া ১১-১৭৭৩ দুটি ট্রাকে বরাদ্দ অপেক্ষায় সার কম থাকায় আনলোড বন্ধ করে দেন বিক্ষুব্ধ জনতা।

এ ব্যাপারে স্থানীয় কৃষক এনামুল হক বলেন, "বর্তমানে সারের ব্যাপক সংকট চলছে, টাকা দিয়েও কৃষক সারের সন্ধান পাচ্ছে না, অথচ চলবলা ইউনিয়নের বিসিআইসি ডিলার আজিজুল ইসলাম চলবলা ইউনিয়নের সার এই ইউনিয়নের বিক্রি না করে বেশি দামে অন্যত্র বিক্রি করে দেন। এমন অভিযোগ দীর্ঘদিনের। তারই ধারাবাহিকতায় রবিবার রাত দশটার পর দুটি ট্রাকে ডিএপি ৩০২ বস্তা টিএসপি ১১১ বস্তা সার ডিলার আজিজুল ইসলাম চলবলা সকানদিঘী বাজার গোডাউনে নিয়ে আসার কথা।

কিন্তু তিনি অতিরিক্ত দামে বিক্রির উদ্দেশ্যে কিছু সার কাকিনা বাজারে নামিয়ে ফেলেন। বিষয়টি এলাকাবাসী জেনে ওই ট্রাকগুলো থেকে সার খালাস করা বন্ধ করে দিয়েছে। ডিলারের সাথে যোগাযোগ করা হলেও ডিলার ঘটনাস্থলে আসছেন না। বরাদ্দকৃত সার না আসা পর্যন্ত ট্রাক থেকে সার নামাতে দেবে না স্থানীয়রা। এ বিষয়ে বিসিআইসি ডিলার আজিজুল ইসলামের সাথে যোগাযোগ করা হলে তাকে পাওয়া যায়নি"।

ট্রাক ড্রাইভার মাইদুল ইসলাম বলেন, "কাকিনা বাজারে আজিজুল ডিলারের ছেলে ১২ বস্তা সার নামিয়ে নিয়ে খুচরা বিক্রি করেছেন। তাছাড়া আমি আর কিছু জানি না"।

পরে কালীগঞ্জ উপজেলা কৃষি কর্মকর্তা তুষার কান্তি ও কালীগঞ্জ থানার ওসি সেলিম মালিক এর উপস্থিতিতে সার নামিয়ে ২টি ট্রাকে ডিএপি ২৬ বস্তা ও টিএসপি ১৮ বস্তা সার কম পাওয়া গেছে।

এ বিষয়ে কালীগঞ্জ উপজেলা কৃষি কর্মকর্তা তুষার কান্তিকে ফোন দিয়ে জানতে চাইলে তিনি বলেন, এখন কথা বলতে পারবো না পরে কথা বলবো।

এ ব্যাপারে কালীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা সিফাত আনোয়ার তুম্পা বলেন, ট্রাকে সার কম থাকায় স্থানীয়রা ট্রাক আটকে দিয়েছে বিষয়টি আমি শুনেছি। উপজেলা কৃষি কর্মকর্তা পুলিশ নিয়ে ঘটনাস্থলে গিয়েছে, বিষয়টি তারা দেখছেন বলেও জানান তিনি। 

 

Ads