কালীগঞ্জে ঝামেলা মেটাতে গিয়ে কারাগারে চেয়ারম্যান
০৩ ডিসেম্বর ২০২৪, ০১:৩৯ পিএম
লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলায় জমি সংক্রান্ত ঝামেলা মেটাতে করতে গিয়ে কারাগারে গেলেন, জয়নাল আবেদীন বাবলু নামে এক প্যানেল চেয়ারম্যান।
সোমবার (২ নভেম্বর) দুপুরে কালিগঞ্জ থানা পুলিশ তাকে আটক করে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করে। জয়নাল আবেদীন বাবলু উপজেলার ভোটমারী ইউনিয়নের ৫নং ওয়ার্ডের সদস্য ও বর্তমান প্যানেল চেয়ারম্যান।
আটককৃত চেয়ারম্যানের পরিবার জানায়, ভোটমারি ইউনিয়নের শৌলমারী এলাকার রনজিৎ কুমার ও আমিনুর রহমানের সাথে দীর্ঘদিন ধরে জমি নিয়ে বিরোধ চলছিল। এ নিয়ে গত তিনদিন আগে তাদের মধ্যে ঝগড়া বিভাত সৃষ্টি হয়। বিষয়টি মীমাংসার জন্য স্থানীয় ইউপি সদস্য ও প্যানেল চেয়ারম্যান জয়নাল আবেদীন মীমাংসা করার চেষ্টা করেন। পরে আমিনুর রহমান বাদী হয়ে কালিগঞ্জ থানায় জয়নাল আবেদীন ও রঞ্জিত কুমারসহ ১০ জনের নামে একটি মামলা দায়ের করেন। পরে সোমবার দুপুরে কালীগঞ্জ থানা পুলিশ জয়নাল আবেদীন কে আটক করে জেল হাজতে প্রেরণ করেন।
এ ব্যাপারে কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেলিম মালিক গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে সাংবাদিকদের জানান, জমি সংক্রান্ত বিষয়ে এজাহারের সূত্র ধরে চেয়ারম্যানকে গ্রেফতার করা হয়েছে।

















