লোডশেডিং বন্ধের দাবিতে মির্জাপুরে মানববন্ধন

শামীম মিয়া

০৬ এপ্রিল ২০২৪, ০৭:৫৪ পিএম


লোডশেডিং বন্ধের দাবিতে মির্জাপুরে মানববন্ধন

ছবি- সংগৃহীত।

 
টাঙ্গাইলের মির্জাপুর উপজেলায় রমজানের শুরু থেকেই শুরু হয়েছে পল্লী বিদ্যুতের লোডশেডিং।লোডশেডিং বন্ধের দাবিতে মানববন্ধন করেছেন পল্লী বিদ্যুৎ গ্রাহকেরা।

 

শনিবার সকাল প্রায় ১০টার সময় উপজেলার বহুরিয়া বাজারে পল্লী বিদ্যুৎ গ্রাহক ও ব্যবসায়ী সমিতির আয়োজনে ঘন্টাব্যাপী মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।এতে বহুরিয়া ১ নং ওয়ার্ডের ইউপি সদস্য আব্দুল সামাদ সিকদার,বহুরিয়া বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি কয়েদ আলী সিকদার,সাধারণ সম্পাদক আউলাদ হোসেন, বহুরিয়া উদয়ন কিন্ডার গার্ডেন এন্ড হাই স্কুলের প্রধান শিক্ষক নাসির উদ্দিন জুয়েল,স্কুল-কলেজের শিক্ষার্থী,কৃষক,ব্যবসায়ীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেয়।

 

মানববন্ধনে বহুরিয়া ২নং ওয়ার্ডের ইউপি সদস্য বীর মুক্তিযোদ্ধা শাহজাহান মিয়া বলেন, রমজানের প্রথম দিন থেকেই শুরু হয়েছে লোডশেডিং।গ্রামে সবচেয়ে বেশি লোডশেডিং দিচ্ছে পল্লী বিদ্যুৎ।সেহরি ও নামাজের সময় লোডশেডিং হয়ে থাকে। ভালোভাবে গরম শুরু হওয়ার আগে যে পরিমাণ লোডশেডিং হচ্ছে তাতে বুঝা যাচ্ছে গরমে তীব্র লোডশেডিং হবে।
 

বহুরিয়া গ্রামের বাসিন্দা ও বহুরিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক আব্দুল সালাম সিকদার বলেন,সরকার চলতি বোরো মৌসুমে গ্রামাঞ্চেেল নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের কথা বলেছে। কিন্তু শহর ও গ্রামাঞ্চলে বিদ্যুৎ সরবরাহে বৈষম্য করা হচ্ছে।

 

এব্যাপারে মির্জাপুর পল্লী বিদ্যুৎ সমিতির জোনাল অফিসের ডিজিএম মো.জসিম উদ্দিন জানান,সারাদেশেই লোডশেডিং হচ্ছে। চাহিদার তুলনায় মির্জাপুরে বিদ্যুৎ বরাদ্দ কম থাকায় এ লোডশেডিং। আশা করছি দুদিন পরে গার্মেন্টস-ফ্যাক্টরিসহ বড় বড় কল কারখানা ঈদের জন্য ছুটি দিবে তখন লোডশেডিং কমে যাবে।

Ads