পঞ্চগড়ে আবার ৭.৭ ডিগ্রিতে নামলো তাপমাত্রা
০৮ ফেব্রুয়ারি ২০২৪, ০৩:৪০ পিএম
ছবি- সংগৃহীত।
মাঘের বিদায়ের সময়ে আবার শৈত্যপ্রবাহের দাপট। তাপমাত্রা নেমে মাঝারি শৈত্যপ্রবাহ রূপ নিয়েছে। গত চারদিন পর ১০ ডিগ্রির নিচে নেমে আজ বৃহস্পতিবার সকাল ৯টায় তাপমাত্রা রেকর্ড হয়েছে ৭ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। গতকাল বুধবার সকাল ৯টায় তাপমাত্রা রেকর্ড হয়েছিল ১১ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস। সে তুলনায় ৩.৭ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা কমে বেড়েছে শীতের তীব্রতা।
বিভিন্ন এলাকা ঘুরে দেখা যায়, ভোর থেকে ঘন কুয়াশা থাকলেও দেখা মিলেছে সূর্য। এতে নতুন করে শীতের ভোগান্তি শুরু হলেও সকাল সকাল জীবিকার তাগিদে কাজে যেতে দেখা গেছে বিভিন্ন পেশার শ্রমজীবীদের।
স্থানীয়রা জানায়, কয়েকদিন পর আবার তাপমাত্রা কমে যাওয়ায় শীতের তীব্রতা বেড়েছে। রাতভর প্রচণ্ড ঠাণ্ডা অনুভব হয়েছে। এ অঞ্চলে দিনের তুলনায় রাতের শীতের তাণ্ডবতা বেশি।
জেলার আবহাওয়া পর্যবেক্ষণাগারের ভারপ্রাপ্ত কর্মকর্তা রাসেল শাহ বলেন, গত চারদিন পর আবার তাপমাত্রা কমে মাঝারি শৈত্যপ্রবাহে রূপ নিয়েছে। আজ বৃহস্পতিবার ভোর ৬টায় তাপমাত্রা রেকর্ড হয়েছে ৭ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস। এ তাপমাত্রায় আজকে এ জেলায় মাঝারি শৈত্যপ্রবাহ বইছে। গতকাল বুধবার জেলায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছিল ১১ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস। মাঘ মাস পর্যন্ত তাপমাত্রা ওঠানামা করতে পারে বলে জানান তিনি।




















