নির্বাচন হয় জনগণের অংশগ্রহণে, নির্বাচনে কে এলোনা সেটা বড় কথা নয় : আইনমন্ত্রী
৩০ নভেম্বর ২০২৩, ১১:৫২ পিএম
ছবি- সংগৃহীত।
নির্বাচন হয় জনগণের অংশগ্রহণে। জনগণ যদি সেখানে ভোট দেয় কে নির্বাচনে আসল আর আসল না সেটা বড় কথা থাকে না। জনগণ চায় নির্বাচন হউক। সেজন্য নির্বাচন ঘিরে জনগণের মাঝে উচ্ছ্বাস-আনন্দ দেখা দিয়েছে। সে কারণেই নির্বাচন সফল হবে।
বৃহস্পতিবার (৩০ নভেম্বর) দুপুরে নিজ নির্বাচনী এলাকা ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলা পরিষদ ভবনে উপজেলা সহকারী রিটার্নিং কর্মকর্তার কাছে মনোনয়ন পত্র জমাদান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে আইনমন্ত্রী অ্যাডভোকেট আনিসুল হক এসব কথা বলেন। এসময় তার সাথে কসবা উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আ'লীগের সাধারণ সম্পাদক রাশেদুল কাওসার ভূইয়া জীবন, পৌরমেয়র এম.জি হাক্কানী, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি কাজী আজহারুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম সোহাগ, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান মো. মনির হোসেন, উপজেলা ছাত্রলীগের আহবায়ক আফজাল হোসেন রিমনসহ দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
এর আগে আইনমন্ত্রী কসবা উপজেলা সদরের মুক্তমঞ্চ প্রাঙ্গনে উপজেলা আওয়ামী লীগ আয়োজিত এক জনসভায় অংশগ্রহণ করেন। এতে উপজেলার প্রতিটি ইউনিয়ন থেকে দলীয় নেতাকর্মীরা যোগদান করেন। আইনমন্ত্রী আনিসুল হক বলেন, বিগত ১০ বছর আমি এই এলাকার সংসদ সদস্য ছিলাম। জনগণের কাছে আমার যা প্রত্যাশা ছিলো, আমি তা রাখতে পেরেছি। আমি তাদের কাছে দোয়া চেয়েছি। আমার জনগণ আমার জন্য দোয়া করছে। জয়ের ব্যাপারে আশাবাদ বিষয়ে এক প্রশ্নের জবাবে আইনমন্ত্রী বলেন, আমি আল্লাহকে বিশ্বাস করি এবং গত দশ বছর কসবা-আখাউড়ার জনগণকে সেবা করে গেছি। আপনারা ভালোভাবেই জানেন আমার কি অবস্থা।
তিনি বক্তৃতায় বলেন, আমি আইন মন্ত্রী। নির্বাচন কমিশনের আচরন বিধি রয়েছে। আচরণবিধি ভঙ্গ করা যাবে না। আমি ১৮ তারিখের আগে কোনো ভোট ভিক্ষা চাইবো না। ১৮ তারিখের পরে এসে ভোট ভিক্ষা চাইব।আমি বিগত ১০ বছর আপনাদের এমপি, মন্ত্রী নয়, আপনাদের সন্তান হিসাবে দায়িত্ব পালন করে গেছি। আপনারা আমার জন্য দোয়া করবেন। আমি আপনাদের জন্য দোয়া করি।আইনমন্ত্রী আরো বলেন, কসবা-আখাউড়ার মানুষের উন্নয়ন করাই হল আমার কমিটমেন্ট। যে ক্ষেত্রেই হউক, স্কুল-কলেজের উন্নয়ন, চাকরির ক্ষেত্রে উন্নয়ন, যোগাযোগের উন্নয়ন যা মানুষের উপকারে আসে সে ব্যাপারে আমার কমিটমেন্ট রয়েছে। আমি প্রত্যেকটি ক্ষেত্রে উন্নয়ন করেছি। এই উন্নয়নের ধারা অব্যাহত রাখতে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থী হয়েছি।
















